খুলনা সিটি করপোরেশনের ২৭তম সাধারণ সভা সোমবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাস।
সাধারণ সভায় নগরীর ৩১টি ওয়ার্ডে সিটি ডিজিটাল সেন্টার, জাতিসংঘ পার্ককে ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনা, অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা, কেসিসি’র কর্মচারী ও ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাসের ব্যবস্থা করা, কেসিসি পরিচালিত সিটি গার্লস স্কুলকে বার্ষিক চার লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান, নগর স্বাস্থ্যভবনে ফিজিও থেরাপি সেন্টার স্থাপন, ১৫নং ওয়ার্ড অফিস কাম কমিউনিটি সেন্টার স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহণ, আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে কেসিসি’র ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতির বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন করতে বর্তমান পরিষদকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা খুলনাকে সুন্দর পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, এ জন্য কেসিসি’র আগামী বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হবে।
কেসিসি’র প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ, রুমা খাতুনসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কক্সবাজার উপকূলে ভাঙছে বেড়িবাঁধ, সংস্কারে দরকার ৭৬ কোটি টাকা
/টিএন/আপ-এআর/








