যশোরের বেনাপোলে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী নির্যাতনের অভিযোগে গোলাম রসুল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ জুলাই) দুপুরে তাকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
স্থানীয়রা জানান, যৌতুকের টাকার জন্য স্ত্রীকে প্রায়ই মারধর করতেন বেনাপোলের বালুন্ডা গ্রামের গোলাম রসুল। গতকাল রবিবার বাঁশের চটা দিয়ে তাকে প্রচুর মারধর করেন তিনি। এতে তার সারা শরীরে জখম হয় এবং আঙুল কেটে যায়। নির্যাতনের সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে গ্রামের ডাক্তারখানায় নিয়ে চিকিৎসা দেন। পরে ওই গৃহবধূর বাবাকে খবর দিয়ে বাড়িতে পাঠানো হয়।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘আমার স্বামী প্রায়ই টাকার দাবিতে নির্যাতন করে। কয়েকবার আমার বাবার কাছ থেকে টাকা এনে দিয়েছি। এর আগে একবার নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে যাই। পরে গ্রাম্য সালিশের মাধ্যমে আমাকে নিয়ে আসে। আমাদের আট বছরের সংসার জীবনে একটা সাত বছরের মেয়ে আছে। কিন্তু তার সংসারে কোনো মন নেই, সে মোবাইলে বিভিন্ন মেয়েদের সঙ্গে কথা বলে এবং নানাভাবে সংসারে অশান্তি বাধিয়ে আমাকে নির্যাতন করে। আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমি এর বিচার চাই, এই সংসার আর করতে চাই না।’
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত গোলাম রসুলকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে যশোর আদালতে পাঠানো হবে।








