বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে আরিফা বেগম (১৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তার স্বামী মোহাম্মদ হেলালকে (২৫) খুঁজে পাওয়া যাচ্ছে না।
সোমবার (৮ নভেম্বর) রাত ১০টায় উপজেলার শ্যামবাগাত এলাকায় আরিফার মায়ের বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। আরিফা বেগম উপজেলার ধনপোতা এলাকার মো. আরিফ আলি শেখের মেয়ে। মোহাম্মদ হেলাল খুলনার দিঘোলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা।
বাগেরহাটের সহকারি পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মো. ছয়রুদ্দীন আহম্মেদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি লিপি বেগম (৪০) ও সৎ মা জাহান বেগমকে (৩৫) আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে আরিফার সঙ্গে মোহাম্মদ হেলালের বিয়ে হয়। তাদের সংসারে ১৩ মাস বয়সী একটি ছেলে রয়েছে। সন্তান নিয়ে খুলনা শহরে একটি ভাড়া বাসায় থাকতেন। গত শুক্রবার স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানকে নিয়ে শ্যামবাগাত এলাকায় মায়ের বাসায় আসেন আরিফা। আমেনা বেগম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি শ্যামবাগাত এলাকায় জয় জুট মিলের শ্রমিক। গতরাতে মিলে কাজ করছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে মোহাম্মদ হেলার এসে আরিফাকে কুপিয়ে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, ঘটনার পর থেকে মোহাম্মদ হেলাল পলাতক। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।









