শেষের দিকে চৈত্র। দুদিন পরই শুরু হবে বৈশাখ। আর বসন্তের শেষের দিকে এসে তীব্র গরম পড়া শুরু হয়েছে। দেশের কোনও স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছেছে। এদিকে, টানা ৯ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আজও প্রখর রোদে উত্তপ্ত চারপাশ। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বিপন্ন হচ্ছে জনজীবন। সূর্যের খরতাপে পুড়ছে প্রকৃতি।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা মাত্র ৯ শতাংশ। এটিই আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এই জেলায়।
এদিকে, দাবদাহের কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড তাপ উপেক্ষা করে কাজে বেরিয়েছেন। বেলা বেড়ার সঙ্গে সঙ্গে সূর্যের প্রখরতা আরও বাড়ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, চুয়াডাঙ্গার ওপর দিয়ে দাবদাহ বয়ে যাচ্ছে। সামনে এই তাপমাত্রা আরও বাড়তে পারে।








