যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুর গ্রামে একটি ভাড়া বাসা থেকে পোলট্রি ব্যবসায়ী এক দম্পতির ওড়নায় পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই দম্পতি মৃত কালাম হোসেনের ছেলে মো. ইয়াসমিন (২৮), স্ত্রী মোছা তনু (২৪)।
শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের বাহদুরপুর বাজারের জনৈক আব্দুর রহিমের বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, ওই দম্পতি গত এক সপ্তাহ আগে বাসাটি ভাড়া নেন। এর আগে তারা যশোরে পুলেরহাটে বসবাস করতো। ইয়ামিনের পোলট্রি ব্যবসা রয়েছে। দেনার জন্য তিনি নিজের জমি-বাড়ি বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন। এই দম্পতির ৬ মাসের একটি সন্তান রয়েছে।
আজ ভোরে প্রতিবেশীরা শিশুর কান্নার শব্দে ঘরের ভেতর জানালার ফাঁক দিয়ে তাকালে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তারা আশপাশের লোকজনকে খবর দেন। পরে থানা পুলিশকে খবর দিলে ময়নাতদন্তের জন্য লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে থানার বাহাদুরপুর বাজারের পাশ থেকে একটি ভাড়া বাসা থেকে স্বামীর-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।









