খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মহানগরীর বয়রায় নির্মাণাধীন ১০ তলা করভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনা মহানগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা এলাকার শেখ বাবর আলীর ছেলে মো. আশরাফুল (২৫), পঞ্চগড়ের দেবিগঞ্জের ফুলবাড়ি এালাকার ফজলু হকের ছেলে মো. রাব্বি (২০) ও একই জেলার বোদা থানা এলাকার মৃত হায়দার আলীর ছেলে মো. মামুন (২০)। তাদের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে রয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, ‘১০ তলা ভবনের পাশ থেকে পড়ে ৩ শ্রমিক নিহত হন। তাদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
নিহত রাব্বির মামা আব্দুল বারেক জানান, রাব্বির বাড়ি পঞ্চগড় জেলায়। সকালে কাজ করতে গিয়ে করভবন থেকে পড়ে রাব্বিসহ ৩ জন পড়ে মারা গেছে। ওরা তিন জন করভবনে রডমিস্ত্রির কাজ করছিল।








