চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেল লাইনের ওপর থেকে শিলা খাতুন (২৩) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ রেল স্টেশনের অদূরে রেললাইনের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিলা খাতুন আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। তিনি একই এলাকার রাসেল আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রেললাইনের ওপর এক নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে, কুপিয়ে হত্যার পর লাশ রেললাইনে ফেলে রাখা হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানসহ জিআরপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ রানা জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।









