বাগেরহাটের মোংলায় পাওনা টাকা চাওয়ায় লাইলী বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে জখম করেছেন স্থানীয় বাসিন্দা শেখ রাজু মোল্লা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর মালগাজী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই নারীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিকালে এ ঘটনায় উত্তর মালগাজী গ্রামের নুর ইসলামের ছেলে রাজু মোল্লাকে প্রধান আসামি করে মোংলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লাইলী বেগমের মেয়ে রুনা বেগম। অভিযোগে রুনা বেগম উল্লেখ করেন, তার মা লাইলী বেগম আসামি রাজুর কাছে ধারের টাকা পাওনা আছেন। ওই পাওনা টাকা চাইতে গেলে রাজু একাধিককবার তার মাকে নানা সময় হুমকি-ধমকি দেন।
বৃহস্পতিবার দুপুরে তাদের বাড়ির সামনের রাস্তা দিয়া রাজু মোল্লা যাওয়ার সময় তার মা পাওনা টাকা চাইলে ক্ষুব্ধ হয়ে পড়েন। তার মাকে অশ্লীল ভাষায় গালিগালাজও করেন। প্রতিবাদ করলে রাজু তার মাকে এলোপাতাড়ি মারপিট ও শ্লীলতাহানি করেন। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন।
এ সময় মাটিতে লুটিয়ে পড়লে রাজু মায়ের গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার মায়ের চিকিৎসা চলছে।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রাজু মোল্লা বলেন, ‘লাইলীর পরিবার আমার আত্মীয়ের মতো। পাওনা টাকা নয়, রাস্তায় বেড়া দেওয়া নিয়ে ঝগড়ার একপর্যায়ে হাতাহাতি হয়। আমি আঘাত করিনি। বাড়ির বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা লেগে মাথা ফেটে যায় লাইলীর।’
এ বিষয়ে মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’









