যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া (গুচ্ছগ্রাম) এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা সাইদুজ্জামান সাঈদ বাদী হয়ে শার্শা থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগটি গ্রহণের দুই ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও শিশুটির স্বজনরা জানান, শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত বাবুল গাজীকে (৬০) ‘মামা’ বলে সম্বোধন করতো। মাঝে মাঝে তাদের বাড়িতে যাতায়াত করতো শিশুটি।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে বাবুল গাজী মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বসতঘরের শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে খাটের ওপর শুয়ে কার্টুন দেখার একপর্যায়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির কান্নাকাটির একপর্যায়ে বিষয়টি জানাজানি হয়। পরে শিশুটির বাবা থানায় একটি অভিযোগ করেন।
শার্শা থানা পুলিশ অভিযোগটি গ্রহণের দুই ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করে।
এই ন্যক্কারজনক ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্ত বাবুল গাজীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ওসি আশরাফ হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। আসামি বাবুল গাজীকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।








