খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপির বন্ধ কার্যালয়ের সামনের সড়কে শুক্রবার (২৮ আগস্ট) রাতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা রাত ১২টার দিকে অতর্কিতভাবে কার্যালয়টি লক্ষ্য করে ককটেল হামলা চালিয়ে দ্রুত সটকে পড়ে।
খুলনা মহানগর বিএনপির দফতর সেলের প্রধান শরিফুল ইসলাম টিপু বলেন, বিকট শব্দে ককটেল বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা মহানগর বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।
এদিকে ঘটনার খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও পরিস্থিতি পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেফতারে ইতিমধ্যে অভিযান শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খুলনা সদর থানার ওসি শফিকুর রহমান বলেন, গভীর রাতে বন্ধ থাকা ২১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানার জন্য তদন্ত চলছে।









