খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ ১০টি ওষুধের দোকান খুলেছে, ১৭ দিন বন্ধ ছিল চয়নিকা

খুলনা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ১৯:৫৭ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:৫৭

খুলনা নগরীর টুটপাড়া এলাকায় চাঁদাবাজির ভয়ে বন্ধ হয়ে যাওয়া চয়নিকা ফার্মেসি ১৭ দিন পর পুলিশ পাহারায় খুলেছে। গত ২৮ অক্টোবর সন্ধ্যায় চাঁদা দাবির ঘটনায় নিরাপত্তাহীনতার কারণে ফার্মেসিটি বন্ধ করে দেন মালিক। ঘটনার ১৭ দিন পর ১৪ নভেম্বর সন্ধ্যায় পুলিশের পাহারায় প্রতিষ্ঠানটি আবারও চালু করা হয়।

একই সঙ্গে চাঁদা দাবির ঘটনায় নগরের রূপসা স্ট্যান্ড রোডের মল্লিক ব্রাদার্স ফার্মেসি, রূপসা ডেন্টাল কেয়ার, সি এইচ ফার্মা, আমেনা ফার্মেসিসহ বন্ধ হয়ে যাওয়া নয়টি ওষুধের দোকান আবার চালু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া সব ফার্মেসি খুলেছে। কোনোটি এখন বন্ধ নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর চাঁদা দাবিকে কেন্দ্র করে চয়নিকা ফার্মেসির কার্যক্রম বন্ধ হয়ে যায়। চাঁদাবাজদের হুমকি ও নিরাপত্তাহীনতার কারণে মালিকপক্ষ ফার্মেসিটি বন্ধ রাখতে বাধ্য হন। এতে ওই এলাকার ওষুধ ক্রেতাদের ভোগান্তিতে পড়তে হয়। গত শনিবার সন্ধ্যায় পুলিশের নিরাপত্তার মধ্যে ফার্মেসিটি খোলা হয়। এ সময় ফার্মেসির নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঁদা দাবিকে কেন্দ্র করে গত ৯ নভেম্বর রূপসা স্ট্যান্ড রোডের মল্লিক ব্রাদার্স ফার্মেসিসহ বেশ কিছু ফার্মেসি বন্ধ হয়েছিল। ১০ নভেম্বর মল্লিক ব্রাদার্স ফার্মেসি বাদে অন্য সব ফার্মেসি খোলা হয়। পুলিশের পক্ষ থেকে মল্লিক ব্রাদার্স ফার্মেসি খুলে দিতে মালিককে আহ্বান করা হয়। তারা ১২ নভেম্বর সকাল থেকে ফার্মেসি খুলে ব্যবসা শুরু করেছেন। যেসব প্রতিষ্ঠানে চাঁদা দাবি করা হয়েছিল, সেগুলোতে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘গত ২৮ অক্টোবর বন্ধ হওয়া টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসির ব্যবস্থাপককেও ফার্মেসি খোলার জন্য অনুরোধ করেছিল পুলিশ। কিন্তু তার স্টাফ সংকট, ব্যবস্থাপক শহর থেকে দূরে থাকায় খুলতে সময় নেন। ১৪ নভেম্বর থেকে ফার্মেসিটি খোলা হয়েছে। ফলে চাঁদা দাবির পরিপ্রেক্ষিতে বন্ধ হওয়া কোনও ফার্মেসি এখন বন্ধ নেই। সবগুলো খুলেছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনও অভিযোগ পাইনি আমরা।’

তিনি আরও বলেন, ‘পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি কঠোরতার সঙ্গে নিরাপত্তার বিষয়টি নজরদারি করছে। ১৬ নভেম্বর থেকে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। পাশাপাশি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদাবাজদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে। ইতোমধ্যে সন্ত্রাসী নূর আজিম গ্রুপের ছয়জনকে টুটপাড়ার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শনাক্তে কঠোরভাবে মনিটরিং চলছে।’

খুলনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গোপনে জেলা প্রশাসককে (ডিসি) স্মারকলিপি দিয়েছিলেন ফার্মেসির মালিকরা। একইসঙ্গে ব্যবসায়ীদের রক্ষায় পুলিশকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকেও স্মারকলিপি দিয়েছিলেন তারা। ‘খুলনার সাধারণ কেমিস্টবৃন্দ’ ব্যানারে ওই দিন দুপুরে খুলনার জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। তবে চাঁদাবাজদের ভয়ে স্মারকলিপি দেওয়ার সময় ছবি পর্যন্ত তোলেননি ব্যবসায়ীরা। 

স্মারকলিপিতে আগামী তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের অনুরোধ জানানো হয়। অন্যথায় ১৬ নভেম্বর থেকে খুলনার সব ফার্মেসি বন্ধ করে কঠোর কর্মসূচি দিতে ব্যবসায়ীরা বাধ্য হবেন বলে উল্লেখ করা হয়েছে। বেঁধে দেওয়া সময়ের আগেই পুলিশ পদক্ষেপ নিয়ে বন্ধ হওয়া সব ফার্মেসি খুলতে সক্ষম হলো।

তবে মোবাইলে হুমকির পর থেকে ২৮ অক্টোবর সন্ধ্যা থেকে বন্ধ রাখা হয়েছিল চয়নিকা ফার্মেসি। ৯ নভেম্বর বিকাল থেকে মহানগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকার রূপসা স্ট্যান্ড রোডের মেসার্স মল্লিক ব্রাদার্স ফার্মেসিসহ আরও নয়টি ওষুধের দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। গত দুই দিনে সবগুলোই চালু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনায় একের পর এক হত্যাকাণ্ড ও গোলাগুলির ঘটনার মধ্যে নতুন করে চাঁদার দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় আতঙ্ক ছড়ায়। গত এক মাসে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। হুমকির মুখে বন্ধ করে দেওয়া হয় খুলনার অতি পরিচিত চয়নিকা ও মল্লিক ব্রাদার্সসহ ১০টি ফার্মেসি। এসব ঘটনায় একাধিক সন্ত্রাসী গোষ্ঠীর নাম এসেছে। 

সাম্প্রতিক সময়ে সন্ধানী ক্লিনিকে চাঁদাবাজির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর নেতৃত্বাধীন ‘বি কোম্পানির’ নাম এসেছে। অন্য ঘটনাগুলোয় আরেক শীর্ষ সন্ত্রাসী নূর আজিমের নাম এসেছে। নূর আজিম গত সেপ্টেম্বরের শেষ দিকে জামিনে মুক্ত হয়েছেন।

ভুক্তভোগী ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত অক্টোবরে নগরের রয়েল মোড়ের সিটি কুইন্স ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। গত ২৪ অক্টোবর নগরের সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল। ভাঙচুর শেষে তারা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরদিন ২৫ অক্টোবর সন্ধানীর সোনাডাঙ্গা শাখায় সশস্ত্র মহড়া দেয় সাত থেকে আটজন। তারা প্রতিষ্ঠানের ম্যানেজারকে খুঁজতে থাকে। 

এরপর ৩ নভেম্বর নগরের শামসুর রহমান রোডের রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর করা হয়। গত শনিবার পিটিআই মোড়ের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারেও ভাঙচুরের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় চাঁদা দাবি করায় ফার্মেসিগুলোও বন্ধ হয়ে যায়।

/এএম/ 
সম্পর্কিত
চাঁদা না পেয়ে হত্যাচেষ্টা, ১৬ বছর পর সাবেক মেয়রসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা
খুনের জনপদে চাঁদাবাজির রাজত্ব, প্রবাসী-ব্যবসায়ী-শিক্ষক কেউই রেহাই পাচ্ছেন না
এলডিসি উত্তরণের পর ওষুধের দাম বাড়ার শঙ্কা, জাতীয় কর্মপরিকল্পনার দাবি
সর্বশেষ খবর
স্কুলে মোবাইলফোন নিষিদ্ধ করলে কি পড়াশোনায় উন্নতি হয়? গবেষণায় যা মিললো
স্কুলে মোবাইলফোন নিষিদ্ধ করলে কি পড়াশোনায় উন্নতি হয়? গবেষণায় যা মিললো
রামিসা হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া সম্পন্ন, হাদি হত্যার বিচারও হবে: আইনমন্ত্রী
রামিসা হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া সম্পন্ন, হাদি হত্যার বিচারও হবে: আইনমন্ত্রী
সাঈদ খোকনকে আনা-নেওয়ার সময় আদালত চত্বরে হট্টগোল
সাঈদ খোকনকে আনা-নেওয়ার সময় আদালত চত্বরে হট্টগোল
১৫ বছরে ড্রেজিংয়ে ১৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন যাত্রীরা
১৫ বছরে ড্রেজিংয়ে ১৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন যাত্রীরা
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন