জাল সনদে চাকরি, যবিপ্রবির ৭ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

যশোর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সনদ জালিয়াতির ঘটনায় সাবেক দুই রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পাঁচ কর্মকর্তা-কর্মচারীর জাল সনদের বিষয়ে থানায় জিডি করা তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবও।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী। তিনি গত ১৬ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, সাবেক সেকশন অফিসার (গ্রেড-২) হাসনা হেনা, সেকশন অফিসার (গ্রেড-২) সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) জাহাঙ্গীর আলম এবং অফিস সহকারী সুমন হোসেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত পাঁচ কর্মকর্তা-কর্মচারী শিক্ষাগত যোগ্যতার জাল সনদ ব্যবহার করে যবিপ্রবিতে চাকরি নেন। চাকরির আবেদনের সঙ্গে জমা দেওয়া তাদের শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র যাচাই করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সেগুলো জাল ও অসংগতিপূর্ণ বলে মতামত দেয়।

এর মধ্যে হাসনা হেনার বিএ (অনার্স) পাসের সাময়িক সনদ, সাকিব ইসলামের বি.কম (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র এবং জাহিদ হাসান ও জাহাঙ্গীর আলমের বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাল বলে মতামত দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। অন্যদিকে, সুমন হোসেনের এসএসসি পাসের সনদ সঠিক নয় বলে মতামত দেয় যশোর শিক্ষা বোর্ড।

মামলার নথি অনুযায়ী, হাসনা হেনা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে পরবর্তী সময়ে সেকশন অফিসার (গ্রেড-২) পদে পদোন্নতি পান। সাকিব ইসলামও একই পদে যোগ দিয়ে পরে সেকশন অফিসার (গ্রেড-২) হন। জাহিদ হাসান ডেমোনস্ট্রেটর পদে নিয়োগ পেয়ে টেকনিক্যাল অফিসার পদে পদোন্নতি পান। জাহাঙ্গীর আলম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দিয়ে সেকশন অফিসার (গ্রেড-১) হন। আর সুমন হোসেন এমএলএসএস পদে নিয়োগ পেয়ে পরবর্তী সময়ে অফিস সহকারী (আপগ্রেডেড) পদে পদোন্নতি পান।

২০২৩ সালের ৪ ডিসেম্বর যবিপ্রবির তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযুক্তরা সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় বিষয়টি দুদকের তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হয়। এ কারণে থানা-পুলিশ অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায়। পরে ওই কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী বাদী হয়ে মামলা করেন।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত পাঁচ কর্মকর্তা-কর্মচারী জাল সনদ তৈরি ও ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে চাকরি গ্রহণের মাধ্যমে সরকারি অর্থ বেতন-ভাতা হিসেবে উত্তোলন করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় যবিপ্রবি কর্তৃপক্ষ ইতিমধ্যে ওই পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেছে।

তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিডি করা সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

/আরএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উইকেটকিপার থেকে ইতিহাসের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান 
উইকেটকিপার থেকে ইতিহাসের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান 
জাল সনদে চাকরি, যবিপ্রবির ৭ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
জাল সনদে চাকরি, যবিপ্রবির ৭ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জামায়াত সেক্রেটারির নিন্দা
সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জামায়াত সেক্রেটারির নিন্দা
গাজায় খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলি হামলা, প্রাণ গেলো ৩ জনের
গাজায় খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলি হামলা, প্রাণ গেলো ৩ জনের
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা