খুলনা শহরে দেয়ালে আঁকা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দুই দফা কালি দিয়ে বিকৃত করার পর আবার আঁকা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে শহরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে চিত্রশিল্পী মো. রেজাউল করিম (রেজা) প্রতিকৃতিটি আঁকার কাজ শুরু করেন। বিকাল সাড়ে ৪টার দিকে কাজ শেষ হয়।
এ নিয়ে এই দেয়ালে তৃতীয়বারের মতো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আঁকা হলো। এ সময় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিল্পী রেজাউল করিম বলেন, ‘গতকাল সোমবার সিটি করপোরেশনের প্রশাসক আমাকে প্রতিকৃতিটি আবার আঁকার জন্য বলেন। সে অনুযায়ী আজ বিকাল সাড়ে ৩টার দিকে কাজ শুরু করি। সাড়ে ৪টার দিকে আমরা কাজ শেষ করেছি।’
এর আগে গত ৫ নভেম্বর রাতে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি দেয় দুর্বৃত্তরা। পরদিন ৬ নভেম্বর কেসিসি নিয়োজিত শিল্পীরা সেটি আবার আঁকেন। এর ১৬ দিন পর, গত ২২ নভেম্বর ভোরে নতুন করে আঁকা গ্রাফিতিটির মুখে আবার কালি দেওয়া হয়। ওই দিনই নতুন করে গ্রাফিতি আঁকার নির্দেশ দেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তবে বৃষ্টির কারণে দেয়াল ভেজা থাকায় পরবর্তী দুই দিন কাজ শুরু করা যায়নি।
মঙ্গলবার দুপুরে নগরের পুরাতন যশোর রোডের শিববাড়ি মোড়ে গিয়ে দেখা যায়, রেলওয়ের দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতি আঁকার কাজ চলছে। কেসিসির পক্ষে কাজটি করছেন শিল্পী রেজাউল করিম রেজা। তিনি বলেন, ‘ছবি মুছে দিয়ে একটা মানুষকে অস্বীকার করার সুযোগ নাই। যারা এটি করেছেন, না বুঝেই এসব করছেন।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে কেসিসির উদ্যোগে রেলস্টেশনের দেয়ালে বিভিন্ন গ্রাফিতি ও প্রতিকৃতি আঁকা হয়। এর মধ্যে রয়েছে জুলাই আন্দোলন, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও পাটশিল্পের চিত্র। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতিও আঁকা হয়। দৃষ্টিনন্দন এসব গ্রাফিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক আলোচনা চলছিল। এর মধ্যে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘এটি একটা হিংস্রতা এবং একজন বিশ্ববরেণ্য কবির প্রতি অসম্মান। পছন্দ-অপছন্দ আমাদের থাকতে পারে, কিন্তু তাই বলে অমর্যাদাকর ও সমাজে বিদ্বেষ সৃষ্টি হয়- এমন কোনো কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত।’
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। তবে এখনও ঘটনায় জড়িতদের শনাক্ত করা যায়নি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের দুটি ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বারবার এমন ঘটনা ঘটে যাওয়াকে খারাপ। নানাভাবে চেষ্টা করেও ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে পারেনি পুলিশ। কারণ ঘটনাস্থলটি খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার সীমান্তবর্তী এলাকায়। শিববাড়ি মোড়ে সোনাডাঙ্গা থানার একটি দল সব সময় দায়িত্ব পালন করে। এ কারণে ওই এলাকায় সদর থানার টহল কিছুটা কম থাকে। সেই সুযোগ নিচ্ছে অপরাধীরা। এখন থেকে ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হবে।’