জীবিত থেকেও এক জেলার শতাধিক মানুষ ‘মৃত’

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৪

‘জীবিত থাইকেও যদি জাতীয় পরিচয়পত্র তালিকায় মৃত থাকি, তাইলে মরে যাওয়া ভালো ছিল। তালিকায় মৃত দেখানোর কারণে করোনার টিকা নিতে পারতাছি না, ব্যাংক থেকে ঋণ উঠাইতে পারতাছি না, ছেলেমেয়েকে স্কুলে ভর্তি নিতাছে না, শুধু ভোগান্তিতে পড়তে হইতাছে।’ কথাগুলো বলেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুরের স্বল্পা চরপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে কৃষিশ্রমিক মোফাজ্জল হোসেন (৩৫)।

২০১৯ সালে মৃত ব্যক্তিদের বাদ দিয়ে সর্বশেষ জাতীয় পরিচয়পত্র হালনাগাদের সময় মোফাজ্জল হোসেনকে মৃত দেখানো হয়। 

মোফাজ্জল হোসেন জানান, পাঁচ বছর আগে তার বড় ভাই তোফাজ্জল হোসেন মারা যান। সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের সময় বড় ভাইয়ের সঙ্গে তাকেও স্থানীয় তথ্য সংগ্রহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় পরিচয়পত্রের হালনাগাদের তালিকায় মৃত দেখিয়েছেন। দুই বছর আগে ব্যাংকে ঋণ নিতে যাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ তার জাতীয় পরিচয়পত্র খুঁজে দেখেন মৃত। এরপর ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে সংশোধনের আবেদন করেন। বারবার নির্বাচন অফিসে যোগাযোগ করে দুই বছরেও সমাধান হয়নি সমস্যা। তালিকায় মৃত দেখানোর কারণে করোনার টিকাসহ অনলাইনের কোনও সেবা নিতে পারছেন না তিনি। 

শুধু মোফাজ্জল নন, ২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদের সময় জেলার শতাধিক জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে। এসব ব্যক্তি নির্বাচন অফিসে আবেদন করে দিনের পর দিন ঘুরছেন। কিন্তু কোনও সমাধান পাচ্ছেন না।

একই সমস্যায় পড়েছেন ঈশ্বরগঞ্জের মরিচারচর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জুবায়ের হোসেন (৩৫)। তিনি জানান, এক মাস আগে মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য বাজারের দোকানে যান। জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য বারবার চেষ্টা করেও খুলতে পারেননি। পরে বিকাশ এজেন্ট জানান তার আইডি কার্ডে সমস্যা আছে। পরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আইডি কার্ডের সমস্যার কথা জানান। সেখানের কর্মকর্তা সার্ভারে তল্লাশি করে জানান তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। এই কথা শোনার পর জুবায়ের হতবাক হয়ে যান। নির্বাচন কর্মকর্তার পরামর্শে সংশোধনের জন্য আবেদন করেন। কিন্তু আজও তার আইডি কার্ড সংশোধন হয়নি।

জুবায়ের আরও জানান, এ ধরনের ঘটনা কীভাবে ঘটলো বুঝতে পারছেন না। মৃত দেখানোর কারণে করোনার টিকার নিবন্ধনসহ অনলাইনে কাজ করতে পারছেন না।

এদিকে, করোনার গণটিকা নিতে গিয়ে উপজেলার মরিচারচর গ্রামের দিনমজুর শিপন মিয়া (৩২) জানতে পারেন মৃত। বারবার চেষ্টা করেও টিকা নিতে পারেননি। পরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জানতে পারেন, সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের সময় তাকে মৃত দেখানো হয়েছে।

শিপন মিয়া জানান, ভোটার তালিকা হালনাগাদের সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তালিকা করতে গাফিলতি করেছেন। এ জন্য তার নাম মৃতদের তালিকায় উঠেছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকার মানুষ তাকে নিয়ে হাসাহাসি করছেন। পরিচয়পত্রের সমস্যার কারণে করোনার টিকা নিতে পারেননি। এ ছাড়া জমি রেজিস্ট্রিসহ কোনও সেবাই নিতে পারছেন না। সংশোধনের জন্য নির্বাচন অফিসে বারবার ঘুরেও দেড় বছরেও না হওয়ায় হতাশ শিপন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. সারওয়ার জাহান বলেন, জেলায় এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানো হয়েছে মর্মে সংশোধনের আবেদন করেছেন। তাদের আবেদন ঢাকার প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের জনবল কম থাকায় মাঠপর্যায়ে ২০১৯ সালে মৃত ব্যক্তিদের বাদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের সময় এলাকাভিত্তিক তথ্য সংগ্রহের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতা নেওয়া হয়। তথ্য সংগ্রহের সময় শিক্ষকরা ভুলবশত মৃত ব্যক্তির পাশাপাশি জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তালিকা থেকে বাদ দিয়েছেন। এ কারণে এমন সমস্যা দেখা দিয়েছে। তবে নির্বাচন কমিশনের সার্ভারে একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হচ্ছে; যার মাধ্যমে সমস্যার সমাধান এবং সংশোধন উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকেই করা যাবে। দ্রুত সময়ের মধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শেষ হবে। সেই সঙ্গে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর যে সমস্যা তা দ্রুতই সমাধান করা যাবে।

জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জীবিত ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানোর বিষয়টি মানবাধিকার লঙ্ঘন। এ ধরনের কাজের সঙ্গে জড়িতরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন। সরকার ইচ্ছা করলেই এসব ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। ভোগান্তিতে পড়া ব্যক্তিদের সমস্যা সমাধানে নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করছি।’

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের