চট্টগ্রাম নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে বক্সের জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়াতে পারেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ হতাহত হয়নি। তবে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে কয়েকজন ব্যক্তি এসে ট্রাফিক পুলিশ বক্সটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানায়, রাতে ওই বক্সে কোনও পুলিশ সদস্য অবস্থান করেন না। সকালে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা বক্সে আগুন দেওয়ার বিষয়টি জানতে পারেন। ঘটনার সময় ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, নগরের মুরাদপুরে উড়ালসড়কের নিচে থাকা পুলিশ বক্সটিতে আগুন জ্বলছে। এর পাশ দিয়েই বিভিন্ন যানবাহন চলাচল করছে। পরে কয়েকজন এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘বক্সটির জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।’
তিনি বলেন, ‘ঘটনায় জড়িতদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা যায়নি। সকালে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এখন তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’