মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জের ধরে শাশুড়িকে হত্যার পর মেয়ের জামাই কামাল খান বিষপানে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এসময় কামালের ছুরিকাঘাতে আহত হয়েছেন শ্বশুর, শালা ও শ্যালিকা। শনিবার ভোররাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শহরতলী কালিঘাট রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিঘাট রোডের মদিনা বেকারির মালিক মনির মিয়ার স্ত্রী মোরশেদা বেগম (৩৮) এবং তার মেয়ের জামাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবী নগরের ভিটগড় এলাকার মো. কামাল খান (৩০)।
আহতরা হলেন- বেকারী ব্যবসায়ী মনির মিয়া (৪২), ছোট মেয়ে মুন্নি আক্তার, ছোট ছেলে মো. তামিম (৮)। আহতদের মধ্যে মুন্নি আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও শ্রীমঙ্গল থানা পুলিশ জানান, ১০ মাস আগে মনির মিয়ার মেয়ে মুক্তা বেগমকে (২০) বিয়ে করে কামাল।এরপর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এ ঘটনায় গত ৪-৫ দিন আগে স্বামীর কাছে ডিভোর্স লেটার পাঠায় মুক্তা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে কামাল শনিবার ভোর ৫টার দিকে শ্বশুর বাড়ি এসে টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় শাশুড়ি মোরশেদা বেগমকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তার চিৎকারের পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরকেও এলোপাতারিভাবে ছুরিকাঘাত করা হয়। এরপর কামাল নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।
এরপর স্থানীয়রা কামালসহ আহতদেরকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কামালের মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক সাহেদা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন , শহরের মনির মিয়ার বাড়িতে পুলিশ সুপার শাহ জালাল, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মো. শাহিন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:
রাবি শিক্ষক রেজাউল হত্যাকাণ্ডে বাবা-ছেলে আটক
/এআর/






