বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান বলেছেন, সন্ত্রাসী সামনে পাওয়া মাত্রই আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। এসময় যদি তাদের কাছে আগ্নেয়াস্ত্র বা মানুষ হত্যাকারী কোনও অস্ত্র যেমন- দা, চাপাতি ইত্যাদি পান তাহলে সঙ্গে সঙ্গে যা করা দরকার তাই করবেন। এজন্য কারো যদি জেল-জুলুম-ফাঁসিও হয় এর দায়িত্ব আমার।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা পুলিশ আয়োজিত মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ডিফেন্স পার্টি গঠন উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশেদুল ইসলাম মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন।
ডিআইজি এস এম মনিরুজ্জামান আরও বলেন, জঙ্গিবাদসহ সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে এবং দেশপ্রেমে উৎসাহিত হয়ে যারা লাঠি ও বাঁশি নিয়ে ডিফেন্স পার্টিতে যোগ দিচ্ছেন তারা আন্তরিকতার সঙ্গে কাজ করলে দেশে সন্ত্রাস বন্ধ হবে। লাঠি ও বাঁশির এই প্রতীকী ব্যবস্থাপনায় সবাই একত্রিত হয়ে কাজ করলে গুটিকতক সন্ত্রাসী তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবে। সমাবেশ শেষে ডিফেন্স পার্টির সদস্যদের হাতে লাঠি, বাঁশি ও টর্চলাইট তুলে দেন ডিআইজি এস এম মনিরুজ্জামান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন।
/জেবি/ এএইচ/
আরও পড়ুন-
যে কৌশলে বিনা পরোয়ানায় গ্রেফতার
জঙ্গি ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবো না: প্রধানমন্ত্রী







