নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। হাতিয়া থানার এসআই সফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সংঘর্ষে গুলিবিদ্ধ মাইন উদ্দিন (২৫), নাজিম উদ্দিন (২৪) ও সাঈদ উদ্দিন (২৬) নামে যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মীকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার বিকালে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আবদুর রহমান (২২) ও আরিফুল ইসলাম সজিব (৩২) নামে অপর দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. জহিরুল ইসলাম জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে শটগানের গুলি রয়েছে। তাদের মধ্যে তিনজনের গলা ও বুকে গুলিবিদ্ধ হওয়ায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট উপজেলার সোনাদিয়া ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় রিয়াজ উদ্দিন (২৭) নামে এক যুবলীগ কর্মী নিহত হন। এ ঘটনায় নিহত রিয়াজ উদ্দিনের বাবা কোরবান আলী বাদী হয়ে আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীসহ ১৫৪ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় গত কয়েকদিন ধরে মোহাম্মদ আলী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ওয়ালি উল্যা’র অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে বুধবার দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ অভিযোগ করেন, বুধবার সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের উপস্থিতিতে মোহাম্মদ আলীর অনুসারীরা আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী রাতুলের বাসায় হামলা চালায়। হামলায় ১০ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়।
আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী রাতুল জানান, সশস্ত্র সন্ত্রাসীরা তার বাসায় এলোপাতারি গুলি ছোড়ে। বাসার চেয়ার, টেবিল ও জানালার গ্লাস ভাঙচুর করে। বিনা উস্কানিতে একজন সংসদ সদস্যের উপস্থিতিতে সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়ে হামলা চালিয়ে নিরপরাধ নেতাকর্মীদের আহত করার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।
এদিকে, সাবেক সংসদ সদস্য মোহম্মদ আলী পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমাকে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে বাসায় সভা চলাকালে প্রতিপক্ষের লোকজন হামলা করে।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:
রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করেছে তুরস্ক তাতে অভিভূত: ফার্স্ট লেডি এমিন এরদোয়ান







