চট্টগ্রামে দীপ্ত টিভির প্রতিবেদক আনিসুর রহমান ও ক্যামেরাপারসন মাসুদ দেওয়ানসহ চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দেশের আরও সাত জেলায় মানববন্ধন করেছেন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ভোলা: চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারসহ সুষ্ঠু বিচারের দাবিতে বুধবার বেলা সাড়ে ১০ টায় ভোলা প্রেসক্লাব চত্বরে গণমাধ্যমকর্মী ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়েছেন। ভোলা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম ও ভোলা রিপোর্টার্স ইউনিটি এ মানববন্ধনের আয়োজন করে । এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আজকের ভোলা সম্পাদক মো. শওকত হোসেন, ভোলা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি ও এটিএন বাংলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন, মুক্তিযোদ্ধা আমির হোসেন বাচ্চু, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি ও সময় টিভি প্রতিনিধি নাসির লিটন, দিগন্ত টিভি প্রতিনিধি ইউনুস শরীফ, ডেইলি অবজারভার প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, বাংলাদেশ মিররের স্টাফ রিপোর্টার মোকাম্মেল মিশু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে যেভাবে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন তা গণতন্ত্রের জন্য শুভলক্ষণ নয়। সকলকে মনে রাখতে হবে, গণমাধ্যম আক্রান্ত হলে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়। তারা এ হামলার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মুন্সীগঞ্জ: সকাল পৌনে ১০টা হতে সাড়ে ১০টা পর্যন্ত মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে একই ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন সজল, এটিএন নিউজের ভবতোষ চৌধুরী নুপুর, এনটিভির জেলা প্রতিনিধি মঈনুদ্দিন সুমন, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি ফারহানা মির্জা, ইন্ডিপেনডেন্ট টিভি ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি সেতু ইসলাম, একুশে টিভির জেলা প্রতিনিধি মো. সাইফুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট লাভলু মোল্লা, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি মো. শিহাবুল হাসান, দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন আনু, যমুনা টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, নবচেতনার জেলা প্রতিনিধি মো. হাসান জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনা প্রায়ই ঘটে। আর নয়। এবার সবাইকে এক হয়ে ঘুরে দাঁড়াতে হবে। সকল সাংবাদিকের নিরাপত্তা সরকারকে দিতে হবে। দীপ্ত টিভির দুই সাংবাদিকসহ এ পর্যন্ত যত সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে প্রত্যেকটির বিচার করতে হবে।’
চাঁদপুর: এ ঘটনার প্রতিবাদে বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নানের সভাপতিত্বে ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিএম শাহীনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, রোটারি কাজী শাহাদাত, বর্তমান সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সভাপতি গোলাম কিবরীয়া জীবন, শাহ মো. মাকসুদুল আলম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ ও চাঁদপুর ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ, দেশ টিভির জেলা প্রতিনিধি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জিটিভির জেলা প্রতিনিধি রিয়াদ ফেরদৌস, দৈনিক চাঁদপুর কণ্ঠের যুগ্ম-সম্পাদক মির্জা জকির, বার্তা সম্পাদক এএইএম আহসান উল্লাহ, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইব্রাহিম খলিল, চ্যানেল নাইন-এর জেলা প্রতিনিধি নাছির পাঠান, চাঁদপুর প্রবাহের হাসান মাহমুদ, চাঁদপুর বার্তার মানিক দাস, ইলশেপাড়ের এসএম সোহেল, চাঁদপুর প্রতিদিনের অভিজিৎ রায়, আশিক বিন রহিম, চাঁদপুর দিগন্তের জামাল হোসেন, চাঁদপুর প্রবাহের শরীফুল ইসলামসহ জেলার প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিক।
বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারের পাশাপাশি যে অনিয়মের অনুসন্ধান করতে গিয়ে দীপ্ত টিভির সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন, সেই অনিয়মেরও অনুসন্ধান করা দরকার। দেশে দিন দিন সাংবাদিক নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে। সাগর-রুনি হত্যাসহ সাংবাদিক নির্যাতনের অসংখ্য ঘটনা ঘটেছে। কোনও সরকারই এসবের বিচার করেনি।
ঝিনাইদহ: বুধবার সকাল ১০টায় ঝিনাইদহ প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দীন আজাদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সাবেক সভাপতি এম সাইফুর মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র আনিসুর রহমান খোকাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।
বক্তারা চট্টগ্রামসহ সারাদেশে সাংবাদিকের ওপর হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
নেত্রকোনা: বুধবার সকাল ১০ টায় জেলা প্রেসক্লাবের সামনে এ ঘটনার প্রতিবাদে নেত্রকোনা সাংবাদিক সমাজের আয়োজনে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক এম মোখলেসুর রহমান খান, রুর্যাল সাংবাদিক ফাউন্ডেশন নেত্রকোনার জেলা শাখার সভাপতি দিলওয়ার খান, সাংবাদিক কবীর হোসেন চাঁন মিয়া, এনটিভির প্রতিনিধি ভজন দাস, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি কামাল হোসাইন এবং দীপ্ত টিভির নেত্রকোনা জেলা প্রতিনিধি হানিফ উল্লাহ আকাশ।
বক্তারা সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
মৌলভীবাজার: বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে একই ঘটনার প্রতিবাদে আরেকটি এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলা ইউনিটের আয়োজনে এ মানববন্ধনে অংশ নেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ও মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার সম্পাদক ও ইংরেজি দৈনিক ইন্ডিপেনডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক সমিতির জেলা ইউনিটের সম্পাদক আনহার আহমদ সমশাদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ আইনজীবী ও মোহনা টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি রাধাপদ দেব সজল, প্রেসক্লাবের সাবেক সাধারণ ও দীপ্ত টিভির জেলা সংবাদদাতা বকশী মিছবাহ উর রহমান, বাংলানিউজের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শ.ই. সরকার জবলু, অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মশাহিদ আহমদ, ফটোনিউজবিডি ডটকমের সম্পাদক ও প্রকাশক এমদাদুর রহমান, অনলাইন টিভি ৭১-এর জেলা প্রতিনিধি এএস কাঁকন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মহসীন পারভেজ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি বয়তুল আলী, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আবু হানিফ, মিলেনিয়াম টিভির মাহমুদ এইচ খান, বাংলা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, ডেইলি ঢাকার প্রতিনিধি আব্দুল বাছিত খান, দৈনিক মৌলভীবাজার বার্তার প্রতিনিধি দেলোয়ার হোসেন তরফদার, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।
বক্তারা এ হামলার বিপরীতে পদক্ষেপ গ্রহণে স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সাতক্ষীরা: বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে সাংবাদিক সমাজ সাতক্ষীরার আয়োজনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। এতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দৈনিক যুগান্তর ও এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী, মাছরাঙা টিভি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, বিটিভি ও সকালের খবরের জেলা প্রতিনিধি মোজাফ্ফর রহমান, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি রঘু নাথ ও সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও গাজী টিভির জেলা প্রতিনিধি অসীম বরণ চক্রবর্তী, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান আসাদ, সময়ের খবর ও নিউ নেশনের জেলা প্রতিনিধি রুহুল কুদ্দুস, একাত্তর টিভির জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, এসটিভি ও রাইজিং বিডির জেলা প্রতিনিধি শাহিন গোলদার, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক ও বাংলামেইলের জেলা প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম, যমুনা টিভির আহসানুর রহমান রাজিব, দৈনিক খুলনাঞ্চল ও পরিবর্তন ডটকমের জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল, বিজয় টিভি ও জাগো নিউজের জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, দৈনিক পত্রদূতের মীর মোস্তাফা আলী, আব্দুর রহিম, দৈনিক যুগের বার্তার খন্দকার আনিস,আব্দুল্লাহ আল মামুন, আব্দুল আজিজ, দৈনিক কাফেলার আব্দুর রহমান ও আসাদুল ইসলাম, দৈনিক কালের চিত্রের সেলিম হোসেন, জয় টিভির নিউজের রাহাত রাজা মিঠু প্রমুখ।
মানববন্ধন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, সমাজসেবামূলক বেসরকারি সংগঠন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন শীল, গণফোরামের আলী নুর খান বাবুল, জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান।
বক্তারা বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের জন্যে কল্যাণকর অনেক কাজ করলেও অন্ধকার জগতের কিছু মানুষের কারণে সারাদেশে সাংবাদিকরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। এর প্রতিকার প্রয়োজন।
সম্প্রতি সাতক্ষীরার বেশ কয়েকজন সাংবাদিকের নামে ৫৭ ধারায় মামলা দায়েরের প্রতিবাদও করা হয় মানববন্ধনে।
উল্লেখ্য, রবিবার (১১ এপ্রিল) চট্টগ্রামের বহদ্দারহাটের চান্দগাঁও এলাকায় অবৈধ ভূমি দখল নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির দায়িত্ব পালনকালে চার সাংবাদিকের ওপর এ হামলা চালানো হয়। হামলার শিকার অপর দুই সাংবাদিক হলেন দৈনিক সরেজমিন বার্তার সাংবাদিক নুসরাত জাহান ও দৈনিক আজকের দুর্নীতির শোয়েব বিপ্লব।
/এইচকে/টিএন/
আরও পড়তে পারেন:







