বগুড়ার পৃথক সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে শেরপুরের গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই সেনা সদস্যসহ তিনজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত ১৫ জন। এছাড়া শুক্রবার সকালে উপজেলার শালপা এলাকায় ভটভটি উল্টে আরেকজন নিহত ও তিজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- সেনা সদস্য মোরশেদুল আলম (৩৬) ও মো. সালাউদ্দিন (৩৫), বাসের হেলপার বগুড়া শহরের মালতিনগরের সিদ্দিকুর রহমান (৩৮) এবং শেরপুরের বোয়ালকান্দি গ্রামের মন্টু মোল্লা (৩২)।
বগুড়ার শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, বগুড়া থেকে সিলেটগামী মামুন স্পেশাল এন্টারপ্রাইজের একটি বাস বৃহস্পতিবার রাত ৯টার দিকে গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় স্থানীয় কোয়ালিটি ফিড মিলের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার সিদ্দিকুর রহমান নিহত ও অন্তত ১৭ জন আহত হন। শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারের নেতৃত্বে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) ও শেরপুর হাসপাতালে ভর্তি করা হয়ে। পথিমধ্যে সেনা সদস্য মোরশেদুল আলম ও সালাউদ্দিন মারা যান।
অপরদিকে শুক্রবার সকালে শেরপুর-ধুনট সড়কের শালফা এলাকায় একটি যাত্রী বোঝাই ভটভটি গর্তে পড়ে উল্টে গেলে এতে চাপা পড়ে যাত্রী মন্টু মোল্লা মারা যান। আহত হন আরও তিন যাত্রী। আহতদের শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত
/এআর/







