সড়ক ও জলপথের সঙ্গে সামঞ্জস্য রেখে রেলের উন্নয়নে সরকার মহাপরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘পরিকল্পনার অংশ হিসেবে যেখানে নতুন রেললাইন প্রয়োজন, সেখানে নতুন রেললাইন স্থাপন, আর যেখানে সংস্কার করা প্রয়োজন, সেখানে সংস্কার কাজ চলছে। নিরাপদ রেল ভ্রমণের সুযোগ সৃষ্টি করতে প্রতিটি জেলাকে রেল যোগাযোগের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে।’
শুক্রবার (৫ জুলাই) বিকালে নাটোর রেলস্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী প্রায় তিন কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত নাটোর রেল স্টেশন ভবন এবং ফ্লাটফর্ম উন্নয়ন কাজ এবং ৭০ লাখ টাকা ব্যয়ে নাটোর রেলস্টেশনের প্রবেশ তোরণ ও সংযোগ সড়কের কাজ পরিদর্শন করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলমন্ত্রী দাবি করেন, সারাদেশের রেলের উন্নয়নের অংশ হিসেবে অচিরেই বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে যমুনা সেতুর ওপর ব্রডগেজ এবং মিটারগেজ রেল সেতু স্থাপন করা হবে। এছাড়া খুলনার সঙ্গে মোংলা পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে।
রেলমন্ত্রী বলেন, ‘নাটোরের সঙ্গে রাজশাহীর সরাসরি রেল যোগাযোগ এবং নাটোরের সঙ্গে সরাসরি ঢাকার ট্রেন চালুর বিষয়ে বিবেচনা করা হবে। রেলপথকে নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে সব পদক্ষেপ নেওয়া হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেলের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, জেলা প্রশাসক শাহরিয়াজ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
নাটোর স্টেশন মাস্টার অশোক কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাটোর রেল স্টেশন ভবন নির্মাণ কাজ তিন মাসে আগে শেষ হয়েছে। নাটোর রেলস্টেশনের প্রবেশ তোরণ ও সংযোগ সড়কের নির্মাণ কাজ আগামী ১৫ দিনের মধ্যে শেষ হবে।’








