বগুড়ার শাজাহানপুর উপজেলার কলেজছাত্র শাহরিয়ার ইসলাম রিয়াজ (১৭) হত্যার রহস্য উন্মোচন হয়েছে। পাওনা ৪০০ টাকা ফেরত চাওয়ায় চাচাতো ভাইয়ের পরিকল্পনায় হত্যার শিকার হন তিনি। বন্ধুদের নিয়ে তাকে ছুরিকাঘাতে গলা ও রগ কেটে হত্যা করেছেন তারই চাচাতো ভাই।
এ ঘটনায় গ্রেফতার চাচাতো ভাই ও তার দুই বন্ধু মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রউফ।
তিনি বলেন, ‘তাদের স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনায় জড়িত রাজা বাবু (২০) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। স্বীকারোক্তি দেওয়ার জন্য তাকেও আদালতে পাঠানো হয়েছে।’
আদালতে স্বীকারোক্তি দেওয়া তিন বন্ধু হলেন শাজাহানপুর উপজেলার পরানবাড়িয়া পূর্বপাড়ার শহিদুল ইসলামের ছেলে ও রিয়াজের চাচাতো ভাই মো. কাওসার (২২), ঝালোপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে মাহমুদুল হাসান (২০) এবং রামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহান (২০)। বুধবার গ্রেফতার রাজা বাবু রাধানগর গ্রামের আবুল খায়ের প্রামাণিকের ছেলে।
নিতহ রিয়াজ শাজাহানপুর উপজেলার পরানবাড়িয়া পূর্বপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে। তিনি শেরপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। গত শনিবার বিকাল ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন রবিবার সকালে মা আরজি খাতুন শাজাহানপুর থানায় নিখোঁজের জিডি করেন। সন্ধ্যার দিকে উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভুট্টাক্ষেতে রিয়াজের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। তার বুক ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। গলা ও পায়ের রগ কাটা ছিল।
তাদের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, রিয়াজ একটি কাজের জন্য তার চাচাতো ভাই কাওসারকে ৪০০ টাকা দিয়েছিল। কাওসার কাজটি না করে টাকা ফেরত দিতে টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে রিয়াজ টাকা ফেরত পেতে এক বড় ভাইয়ের মাধ্যমে কাওসারকে চাপ দেন। এতে কাওসার ও তার বন্ধুরা অপমানিত হন। প্রতিশোধ নিতে রিয়াজকে হত্যার পরিকল্পনা করেন কাওসার। পরিকল্পনা অনুযায়ী শনিবার বিকালে রিয়াজকে কৌশলে উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভুট্টাক্ষেতে নিয়ে ছুরিকাঘাত ও পা এবং গলার রগ কেটে হত্যা করেন।
পরিদর্শক আবদুর রউফ বলেন, ‘তদন্তের একপর্যায়ে কাওসার, মাহমুদুল ও শাহানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে স্বীকারোক্তি দেন। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার দুপুরে হত্যায় জড়িত রাজা বাবুকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বাবু। তাকেও আদালতে পাঠানো হয়েছে।’









