জয়পুরহাট হরিজন কলোনির পাশ থেকে জাহিদুল ইসলাম (৫৭) নামে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) সকালে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জাহিদুল সদর উপজেলার পুরানাপৈল গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহত জাহিদুলের ছেলে খোরশেদ আলম জানান, জাহিদুল রবিবার বিকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হয়ে আর ফেরেননি। রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না মেলেনি। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা জয়পুরহাট শহরের হরিজন কলোনির রেললাইনের পাশে মাথায় আঘাতপ্রাপ্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খোরশেদ আরও জানান, জাহিদুল আগে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। সেখানে অসুস্থ হলে তিনি বাড়ি ফেরেন। রবিবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সোমবার সকালে রেললাইনের পাশে মরদেহ পাওয়া যায়।
সান্তাহার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক নরেশ চন্দ্র রায় বলেন, বেলা সাড়ে ১১টার দিকে রেললাইনের পাশ থেকে মাথায় আঘাতপ্রাপ্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।








