জয়পুরহাট শহরের গুলশান মোড়ে এন এ মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের রান্নাঘর থেকে আব্দুর রহমান (১৫) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুনবার্সন কেন্দ্রের পরিচালক পিটারসহ ছয় জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) সকাল ৮টার দিকে জয়পুরহাট এন এ মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের রান্নাঘর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান জয়পুরহাট সদরের ভাদশা দিওর গ্রামের দুদু মিয়ার ছেলে।
জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আব্দুর রহমান দুই বছর আগে মোবাইলে গেম খেলায় আসক্ত হলে তার বাবা এন এ পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করাতে গেলে বয়স কম হওয়ায় তাকে ভর্তি নেওয়া হয় না। পরে তাকে কাজের জন্য রেখে যান। মঙ্গলবার সকালে রান্নাঘর থেকে নাস্তা নেওয়ার জন্য আবু জাফর এবং আব্দুর রহমানকে পাঠানো হয়। আধা ঘণ্টা পার হলে আব্দুর রহমান না ফিরলে অন্য লোকজন রান্নাঘরে এসে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পুনর্বাসন কেন্দ্রের পরিচালক পিটার আব্দুর রহমানকে জয়পুরহাট সদর হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও জানান, পুনবার্সন কেন্দ্রের পরিচালক পিটারসহ ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনও জানা যায়নি। পলাতক আবু জাফরকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে।









