সাইবার সুরক্ষা আইনের মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্যসচিব গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৫, ২১:৫৬আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ২১:৫৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সাবেক সদস্যসচিব সাকিব খানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত পৌনে ৪টার দিকে বগুড়া শহরের নারুলী এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকার ডিবি পুলিশ। রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে সোমবার শাহবাগ থানার একজন উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর কাছে করা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাইবার সুরক্ষা আইনের মামলায় সাকিব খানকে গ্রেফতার করে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা জানিয়েছেন, শাহবাগ থানায় করা একটি মামলায় সাকিব খানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে কী অভিযোগ, তা শাহবাগ থানা পুলিশ বলতে পারবে।

র‍্যাব-১২-এর বগুড়ার স্পেশাল কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, ‘ঢাকা থেকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল এসে বগুড়া থেকে সাকিব খানকে গ্রেফতার করেছে। র‍্যাব অভিযান পরিচালনায় তাদের সহযোগিতা করেছে। রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘বদলি ও পদায়ন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সাকিব খানের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর নির্দেশে শাহবাগ থানার একজন উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে সোমবার সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় সাকিব খানকে বগুড়া থেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।’

তবে সাকিব খানের বাবা ফরহাদ হোসেন জানিয়েছেন, ভিত্তিহীন অভিযোগ তুলে সাকিব খানকে ফাঁসানো হয়েছে। প্রতারণার মাধ্যমে কারও কাছ থেকে অর্থ লেনদেনে তার ছেলে জড়িত নয়। সারা দেশে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে দায়ী করে সাকিব খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছে। এতে সংক্ষুব্ধ হয়ে মিথ্যা মামলায় তাকে গ্রেফতার ও হয়রানি করছে পুলিশ।

ফরহাদ হোসেন আরও বলেন, ‘৭ জুলাই থেকে বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে সাকিব। এই আন্দোলনে ছেলে নেতৃত্ব দেওয়ায় গোয়েন্দা সংস্থার লোকজন আমাকে তুলে নিয়ে ভয়ভীতিও দেখিয়েছিল। ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণেই। সেই আন্দোলনের ফসল হিসেবে অন্তর্বর্তী সরকার এসেছে। অথচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে এভাবে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। এ বিচার এখন কার কাছে চাইবো।’

সাকিব খানের ফেসবুকে গিয়ে দেখা যায়, ১৯ অক্টোবর তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সদস্য জুবায়েদ হত্যাকাণ্ডে সরকারের চরম ব্যর্থতাকে দায়ী করেছেন। তিনি লেখেন, ‘এই ঘটনাটি নিছক কোনও দুর্ঘটনা নয়—এটি একটি পরিকল্পিত ও সংগঠিত রাজনৈতিক খুনের আশঙ্কা স্পষ্ট। দেশের ভেতরে ভয়, আতঙ্ক ও অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা বাস্তবায়নের অংশ হিসেবেও এ ঘটনা ঘটানো হতে পারে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ভয়াবহ গোয়েন্দা ব্যর্থতা এবং দায়িত্বহীনতা এর দায় এড়াতে পারে না। এটি শুধু একজন ছাত্রনেতার হত্যাকাণ্ড নয়—এটি রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থার প্রতি সরাসরি আঘাত। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা নীরব থাকবো না। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি—এই ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করুন, নইলে জনগণ ও ছাত্রসমাজ নিজেরাই জবাব দিতে জানে।’

এর আগে ১৮ অক্টোবর ‘বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ শীর্ষক প্রধান উপদেষ্টার পেজ থেকে সরকারের একটি বিবৃতি নিজের ওয়ালে শেয়ার করেন। সেখানে লেখেন, ‘আপনার বিবৃতি আপনার পকেটে রাখেন। জনগণের সঙ্গে তামাশা বন্ধ করেন।’

এদিকে সাকিব খানকে গ্রেফতারের প্রতিবাদে ও সাইবার সুরক্ষা অধ্যাদেশসহ সব কালো আইন বাতিলের দাবিতে বিকালে বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি দিয়েছে ‘ভয়েস অব জুলাই, বগুড়া’। সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এ ব্যাপারে এনসিপির বগুড়া জেলা কমিটির সমন্বয়কারী দলের সদস্য শওকত ইমরান বলেন, ‘সাকিবকে গ্রেফতারের কারণ পুলিশের পক্ষ থেকে পরিষ্কার করা দরকার। ব্যক্তিগত কোনও অপরাধ করে থাকলে তার দায় দল নেবে না। আদর্শপরিপন্থী কাজের জন্য তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও গ্রহণ করবে। কিন্তু সরকারের সমালোচনা করার কারণে তাকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানো হলে এনসিপি অবশ্যই তার পাশে থাকবে। আমরা খোঁজখবর রাখছি।’

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি