বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। দুপুরে তাকে জেলা বিএনপি থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের প্রার্থী রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ও অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেন হেলাল প্রমুখ।
এর আগে রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম এ তথ্য জানান। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, একেএম আহসানুল তৈয়ব জাকির বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি। তিনি সোনাতলা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি। এর আগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি স্থানীয় সরকার ব্যবস্থাতেও দায়িত্ব পালন করেছেন। সোনাতলা পৌরসভার সাবেক প্রশাসক এবং সোনাতলা উপজেলা পরিষদের দুবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসন থেকে তিনি বিএনপির মনোনয়ন পান। পরে বর্তমান সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামকে দল চূড়ান্ত মনোনয়ন দিলে তিনি দলের সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
বগুড়া জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পাওয়ার পর একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন, ‘এটা অনেক বড় দায়িত্ব। সবার সহযোগিতা নিয়ে বগুড়ার উন্নয়নে অবদান রাখতে চাই।’









