বগুড়ার ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে হাসপাতাল পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতাল পরিচালনা কমিটির নবনিযুক্ত সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশার সভাপতিত্বে হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার জন্য দ্রুত নতুন অবকাঠামো নির্মাণকাজ শুরু হবে। হাসপাতালের পূর্ব পাশে অবস্থিত নিজস্ব মাঠে এই নতুন বহুতল ভবন ও অবকাঠামো নির্মিত হবে। পাশাপাশি চিকিৎসাসেবার আধুনিকায়নে আরেকটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালের যে ওয়ার্ডটি পূর্বে বার্ন ইউনিটের জন্য নির্ধারিত করা হয়েছিল, সেটিকে এখন আধুনিক আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ওয়ার্ডে রূপান্তর করা হবে। এই আইসিইউ ওয়ার্ডটি পরিচালনার জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামাদি ও দক্ষ জনবল চেয়ে খুব দ্রুত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
সভায় উপস্থিত বক্তারা হাসপাতালের সেবার মান নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। বিশেষ করে রোগীদের সার্বক্ষণিক ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সদের কর্মস্থলে নিয়মিত ও সঠিক সময়ে উপস্থিত হওয়ার তাগিদ দেওয়া হয়। এ বিষয়ে কোনও ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও সভায় সতর্ক করা হয়। এছাড়া নার্সসহ অন্যান্য লোকবল বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুজিদুল ইসলাম, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল মামুন হক, বিএমএর বগুড়ার আহ্বায়ক
ডা. আজফারুল হাবিব রোজ, বগুড়া সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুর রহমান, ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক রাশেদুল ইসলাম রনি ও সাইফুর রহমান শাহীন প্রমুখ।









