রাকসুর সব কর্মসূচি বর্জনের ঘোষণা সাংবাদিকদের, ভিপিকে ক্ষমা চাইতে হবে

রাবি প্রতিনিধি 
২৯ জুলাই ২০২৬, ২২:৪৪আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২২:৪৪

সাংবাদিকদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদের ‘বিতর্কিত’ মন্তব্যের প্রতিবাদে রাকসুর সব ধরনের কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিক সংগঠন। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভিপি নিঃশর্ত ক্ষমা না চাইলে সাংবাদিকদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।

বুধবার (২৯ জুলাই) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু) যৌথ এক প্রতিবাদলিপিতে এ ঘোষণা দেয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, প্রক্টর দফতরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে রাকসু ভবনে হামলা এবং পরে রাকসু ও শাখা ছাত্রশিবিরের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গ্রন্থাগারে ঢুকে হামলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে নিন্দনীয়ভাবে বিঘ্নিত করে। এ নিয়ে রাকসু আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্ন করলে ভিপি সুনির্দিষ্ট কোনও অভিযোগ বা প্রমাণ ছাড়াই সাংবাদিকদের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পক্ষপাত করার অভিযোগ করেন। নিজের বক্তব্যে তিনি ছাত্রলীগের পক্ষে মায়াকান্নাসহ একাধিক ট্যাগ দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।

সাংবাদিক নেতারা বলেন, সংবাদ সম্মেলন ডেকে রাকসু ভিপির এমন বক্তব্য সাংবাদিকদের জন্য চরম অপমানজনক। কোনও সংবাদ নিয়ে আপত্তি থাকলে তিনি এ নিয়ে প্রতিবাদ দিতে পারেন। কিন্তু সংবাদ প্রকাশের জেরে নির্বাচিত ছাত্র প্রতিনিধির মাধ্যমে সাংবাদিকদের ট্যাগিং ও হুমকি দেওয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে। এ ধরনের হুমকি ও ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

ছাত্র সংসদ বা তার কোনও প্রতিনিধি কোনোভাবেই রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার বিকল্প হতে পারে না উল্লেখ করে প্রতিবাদলিপিতে জানানো হয়, ভিপি নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তিন সংগঠনের সদস্যরা রাকসুর সব ধরনের কার্যক্রমের সংবাদ সংগ্রহ ও প্রকাশ থেকে বিরত থাকবেন। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে সারা দেশের সাংবাদিকদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

একই ঘটনায় পৃথক বিবৃতিতে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (আরটিজেএ)। বিকালে এক বিবৃতিতে সংগঠনটির নেতারা জানান, সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা, হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের মতো বক্তব্য গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রাকসুর ভিপি মোস্তাকুর রহমান তার বক্তব্যের ব্যাখ্যা দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছে সংগঠনটি।

গত সোমবার দফায় দফায় মারধর ও হামলার ঘটনায় রাকসু ও ছাত্রশিবিরের বিরুদ্ধে সংবাদ প্রকাশের অভিযোগ তোলেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান। তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে বলেন, ‘এত মায়াকান্না করা যাবে না। আপনারা সাংবাদিকরা যেসব শব্দ ব্যবহার করেন, এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। আপনারা কালকে ছাত্রলীগকে ডিফেন্স করে (পক্ষ হয়ে) অনেকে নিউজ করেছেন। এই সাংবাদিক এখানেও অনেকে আছে। আমরা সেগুলো জড়ো করে করে এখানে ব্যবস্থা নেবো।’

সাংবাদিকদের শব্দ প্রয়োগে হুঁশিয়ারি দিয়ে রাকসুর ভিপি বলেন, ‘আপনারা বলেছেন, আমরা হামলা করেছি। এটা কোন ধরনের কথা? তারা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি। আপনারা এই শব্দ বলতে এত কাঁপাকাঁপি করেন কেন? আর আপনারা এত মায়াকান্না দেখান কেন ছাত্রলীগের প্রতি?’

/এএম/ 
সম্পর্কিত
আদালত নিয়ে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান অ্যাটর্নি জেনারেলের
যেসব সাংবাদিক ছাত্রলীগের জন্য মায়াকান্না দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো: রাকসুর ভিপি
‘প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা
সর্বশেষ খবর
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মাদ্রাসায় ঢুকে কেন বিরোধে জড়ালেন জামায়াতের এমপি ও তার মেয়ে? 
‘এলডিসি উত্তরণে তাড়াহুড়া নয়’ 
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?