যদি কেউ জানতে পারে, তাহলে আপনাদের পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে

রাজশাহী প্রতিনিধি
০২ আগস্ট ২০২৬, ২২:১২ আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২২:১২

নাটোরের লালপুরে বাকনাই গ্রামের পালপাড়ায় চাঁদা দাবি করে পাঁচটি বাড়িতে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টার দিকে এসব চিঠি পাওয়া যায়। এতে সব হিন্দু পরিবারকে ২০ হাজার করে টাকা দিতে বলা হয়েছে। অন্যথায় ‘সময় খুব খারাপ যাবে’ বলে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় শনিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাকনাই গ্রামের পালপাড়ায় ৫৫টি হিন্দু পরিবারের বসবাস। শনিবার রাত ১১টার দিকে নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় তার ছেলে অরুণ কুমার পাল একটি চিঠি দেখতে পান। তিনি প্রথমে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। দ্রুতই খবরটি প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে দেখা যায়, অজামিল পাল, সুব্রত পাল, অধির পাল ও ষষ্ঠী পালের বাড়িতেও একই রকম চিঠি দেওয়া হয়েছে।

সেভেন স্টার কর্তৃপক্ষ নাম দিয়ে ওই চিঠিতে বলা হয়েছে, ‘আপনাদের বাড়িতে একটি চিঠি দিলাম, আশা করি, কোনও বিকল্প চিন্তা করবেন না। মনে রাখবেন, জীবন গেলে যাবে আপনাদের পরিবারের, ভালো মনে ২০ হাজার টাকা দিয়ে দেবেন।’ বিকাশের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে টাকা পরিশোধ না করলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেখানে যোগাযোগের জন্য একটি মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে। চিঠিতে হুমকি দেওয়া হয়েছে, ‘কোনও মানুষকে জানাবেন না, যদি কেউ জানতে পারে, তাহলে আপনাদের পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে।’

চিঠিতে দেওয়া মোবাইল নম্বরে রবিবার বিকাল পৌনে ৫টার দিকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে পালপাড়ার হিন্দু পরিবারগুলোর মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেক পরিবার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। দ্রুত দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।

লালপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপেন্দ্রনাথ সাহা বলেন, ‘ঘটনা শোনার পর আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানাই। ভুক্তভোগী ব্যক্তিদের সঙ্গেও কথা বলি। আমরা চাই, দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে আইন-আদালতে সোপর্দ করা হোক। তা না হলে আমাদের সম্প্রদায়ের লোকজনের আতঙ্ক কাটবে না।’

খবর পেয়ে শনিবার রাতেই লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং চিঠি জব্দ করে। পুলিশ এর উৎস শনাক্ত ও জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘চিঠিটি জব্দ করা হয়েছে এবং এর উৎস অনুসন্ধান করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। চিঠিতে উল্লেখিত বিকাশ নম্বরটি বন্ধ রয়েছে। নম্বরটি সিলেট এলাকার। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। আমরা তদন্ত করে তাদের ধরার চেষ্টা করছি।’

/এএম/ 
সম্পর্কিত
মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলির ঘটনায় ‘চাঁদাবাজি’, নেপথ্যে কারা
‘টাকা দিলি না কেন’ বলেই প্রতিষ্ঠানে ঢুকে গুলি, মুখে ছিল মাস্ক মাথায় ক্যাপ
দখল-চাঁদাবাজি বন্ধ করুন, নইলে জেলে দেবো: নিজ দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি হুইপের
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ