নাটোরের গুরুদাসপুরে লাশব্যাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের আট আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের গুরুদাসপুর অংশের তালবাড়িয়া এলাকা ওই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে রফিকুল ইসলামের এক ব্যক্তির লাশ নিয়ে নাটোরেরর বড়াইগ্রামে যাচ্ছিলেন তার স্বজনরা। পথে গুরুদাসপুরে তালবাড়িয়া এলাকায় এলে ঢাকাগামী আরএফএল কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়েমুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশের বিলের পানিতে গিয়ে পড়ে। এতে আট ব্যাক্তি আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চার জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় আহত আট জনের বেশিরভাগের বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায় বলে জানা গেছে।
খবর পেয়ে গুরুদাসপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট প্রিয়ংকর রায় বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।









