ছেলের ফেরার অপেক্ষায় ১১টি দিন কেটেছে গোলাম মোস্তফার। প্রতিদিনই তার মনে হয়েছে, এই বুঝি ছেলে মোশাররফ ফিরে আসবে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে অপেক্ষা দীর্ঘ হয়েছে, বেড়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। অবশেষে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পদ্মার তীরে ছেলেকে ফিরে পেয়ে সেই অপেক্ষার অবসান হলো।
শুধু গোলাম মোস্তফা নন, ১১ দিন পর স্বজনদের ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে রাজশাহীর বাঘার পাঁচ পরিবারের। গত ৭ সেপ্টেম্বর রাতে পাট কিনে নৌকায় করে বাঘায় ফেরার পথে ভুল করে ভারতের সীমান্তে ঢুকে পড়েছিলেন ওই পাঁচ বাংলাদেশি। তাদের পাটবোঝাই নৌকাসহ আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ১১ দিন পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ভারতের সাগরপাড়া সীমান্তের একটি বিএসএফ ক্যাম্প থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে আলাইপুর বিজিবি ক্যাম্পের মাধ্যমে তারা বাংলাদেশে ফেরেন।
ফিরে আসা পাঁচজন হলেন, রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে কলেজছাত্র মোশাররফ হোসেন (২২), ইউনুস মণ্ডলের ছেলে শাহাবুল আলী (৪২), শাজাহান আলীর ছেলে বাবর আলী (৪৫), নৌকার মাঝি জামাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৪১) এবং সামাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৮)।
আলাইপুর বিজিবি ক্যাম্পসংলগ্ন পদ্মা নদীর তীরে তাদের স্বজনদের কাছে গ্রহণ করেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। পরে তাদের পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়।
মোশাররফ হোসেনের বাবা গোলাম মোস্তফা বলেন, সংসদ সদস্য ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে যোগাযোগ করে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন। ছেলেকে কাছে পেয়ে তিনি বলেন, ১১ দিন ধরে ছেলেকে কাছে না পেয়ে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। প্রতিটি দিন তার ফেরার অপেক্ষায় কেটেছে। আজ ছেলেকে সুস্থভাবে ফিরে পেয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি।
বাবর আলীর স্ত্রী হেলেনা বেগম বলেন, এই ১১ দিন স্বামীকে ছাড়া খুব দুশ্চিন্তায় কাটাতে হয়েছে। প্রতিদিন তার ফেরার অপেক্ষায় ছিলাম। আজ তাকে সুস্থভাবে ফিরে পেয়ে পরিবারের স্বস্তি ফিরে এসেছে।
মুক্তি পাওয়া আসাদুল ইসলামের ভাই সাহারুল ইসলাম বলেন, আমার ভাইসহ পাঁচজনকে ভারতের রানীনগর থানায় রাখা হয়েছিল। ১১ দিন পর তারা মুক্তি পেয়ে আমাদের কাছে ফিরে এসেছেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়ার বাংলাবাজার চর থেকে পাট কিনে নৌকায় বাঘায় ফেরার সময় পদ্মা নদীর তীব্র স্রোতে দিকভ্রান্ত হয়ে পড়েন তারা। একপর্যায়ে নৌকাটি ভুল করে সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার অভ্যন্তরে চলে যায়। সেখানে বিএসএফের একটি টহল দল তাদের আটক করে।
আটকের পর পরিবারের সদস্যরা আলাইপুর বিজিবি ক্যাম্পে যোগাযোগ করেন। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাদের ফেরত দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়।
পাঁচ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে এরপর উদ্যোগ নেন সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের সঙ্গে যোগাযোগ করেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।
আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান বলেন, বিএসএফের সঙ্গে আমাদের কথা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় তাদের মুক্ত করে আমাদের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
পাঁচজনকে স্বজনদের কাছে হস্তান্তরের সময় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, নদীর স্রোতের কারণে ভুলবশত তারা বিএসএফের হাতে আটক হওয়ার পর থেকে আমি কখনও ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে, কখনও বিজিবির সিওর সঙ্গে, আবার কখনও জেলা প্রশাসকের দফতরে যোগাযোগ করেছি। আমার এলাকার প্রতিটি নাগরিক আমার কাছে নিজ সন্তানের মতো আপন। তাদের পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিতে পেরে আমি খুশি।
তিনি আরও বলেন, ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে কথা বলেছি। জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পর তাদের ফিরিয়ে আনার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছিল। অবশেষে ১১ দিন পর প্রশাসনিক প্রক্রিয়ায় তাদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
১১ দিন পর প্রিয়জনদের ফিরে পাওয়ার মুহূর্তে আলাইপুরের পদ্মাতীরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। দীর্ঘ উৎকণ্ঠার পর স্বজনদের কাছে ফিরে আসায় পাঁচ পরিবারের সদস্যদের মুখে ফুটে ওঠে স্বস্তির ছাপ।









