রাজশাহী নগরীর কেদুর মোড় এলাকায় নিজ বাড়ি থেকে বেলী খাতুন (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলী খাতুন নিজ বাড়িতে একাই বসবাস করতেন। রোববার রাতে দীর্ঘ সময় ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে বাড়ির ভাড়াটিয়া গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা ও প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বোয়ালিয়া মডেল থানার ওসি মাছুমা মুস্তারী জানান, বৃদ্ধার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বেলী খাতুনের চার ছেলে-মেয়ে দেশের বাইরে থাকেন। কয়েক বছর আগে তার স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করতেন।
বৃদ্ধার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাড়ির সামনে স্থানীয়দের ভিড় জমে। পরে ময়নাতদন্তের জন্য রোববার রাতেই মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন। জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।