লোকসানের পাহাড়ে রাজশাহী চিনিকল, তবুও শুরু হচ্ছে আখ মাড়াই

রাজশাহী প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৮

হাজার কোটি টাকার পুঞ্জীভূত লোকসানের বোঝা মাথায় নিয়ে আগামী ১৩ নভেম্বর থেকে নতুন মাড়াই মৌসুম শুরু করতে যাচ্ছে রাজশাহী চিনিকল। বছরের পর বছর লোকসান, লক্ষ্যমাত্রা অনুযায়ী চিনি উৎপাদনে ব্যর্থতা, বাজারজাতকরণে সমস্যা ও আখের সংকটে একসময়ের লাভজনক প্রতিষ্ঠানটি এখন রুগ্ণ শিল্পে পরিণত হয়েছে। আখের দাম বাড়িয়েও চাষিদের চিনিকলে আখ সরবরাহে আগ্রহী করা যাচ্ছে না। ফলে নতুন মৌসুমেও লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় রয়েছে।

চিনিকল কর্তৃপক্ষ জানিয়েছে, এবার আখের দাম মণপ্রতি ১১ টাকা বাড়িয়ে ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৩ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত ৬০ দিন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাছুমা আক্তার জাহান জানান, এবার রাজশাহী চিনিকলে কমবেশি ৭০ হাজার টন আখ মাড়াই করে ৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চুক্তিবদ্ধ ৩ হাজার ৯০০ জন চাষি চিনিকলে আখ সরবরাহ করবেন। উৎপাদন শুরুর প্রস্তুতি হিসেবে আখ ক্রয়কেন্দ্রগুলো সচল করা হচ্ছে। তবে আখের সংকট দেখা দিলে অন্যান্য বছরের মতো নির্ধারিত সময়ের আগেই উৎপাদন বন্ধ করতে হতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে প্রতি কেজি চিনি উৎপাদনে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০০ টাকা। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি কেজি চিনি বিক্রি করতে হয় ১২৫ টাকায়। অর্থাৎ উৎপাদন খরচের অর্ধেকেরও কম দামে চিনি বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে আখচাষিদের কাছ থেকে প্রতি মণ আখ কেনা হবে ২৬০ টাকায়। নিবন্ধিত চাষিদের পাশাপাশি সাধারণ চাষিরাও চিনিকলে আখ সরবরাহ করতে পারবেন। তবে মাড়াই মৌসুম চলাকালে চিনিকল এলাকায় কোনও মিনি আখ মাড়াইকল বা গুড় তৈরির কার্যক্রম চালানো যাবে না।

গত মৌসুমেও লোকসানের ধারা থেকে বের হতে পারেনি রাজশাহী চিনিকল। ২০২৫-২৬ মাড়াই মৌসুমে প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ৭০ কোটি টাকা। এর আগের মৌসুমে (২০২৪-২৫) লোকসান ছিল প্রায় ৬৯ কোটি টাকা। সর্বশেষ মৌসুম পর্যন্ত চিনিকলের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৪ কোটি টাকা। তবে চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মো. সাদ্দাম হোসেনের দাবি, এই অর্থকে পুরোপুরি লোকসান বলা ঠিক হবে না। কারণ প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পদ ও মানবসম্পদের মূল্য বিবেচনায় নিলে প্রকৃত লোকসানের পরিমাণ কম হবে।

চিনিকলের উৎপাদন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ৬৭ দিন উৎপাদন কার্যক্রম চালানোর পরিকল্পনা ছিল। ৬ হাজার ৯৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছিল মাত্র ৩ হাজার ১৭১ টন। আখের সংকটে মাত্র ৪৪ দিন চলার পরই বন্ধ হয়ে যায় উৎপাদন। এর আগের মৌসুমে (২০২৪-২৫) চিনি উৎপাদন হয়েছিল ৩ হাজার ৫৬৭ টন। তার আগের তিন মৌসুমে (২০২১-২৪) মোট উৎপাদন ছিল মাত্র ৪ হাজার ৫৩৭ টন। এসব মৌসুমেও আখের সংকটে নির্ধারিত সময়ের আগেই উৎপাদন বন্ধ করতে হয়েছিল।

চিনিকলের কৃষি বিভাগের তথ্য বলছে, নানা কারণে দিন দিন আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকেরা। চিনিকলে আখ সরবরাহ করে টাকা পেতে ভোগান্তিসহ বিভিন্ন সমস্যার কারণে তারা স্থানীয় মাড়াইযন্ত্রে আখ থেকে গুড় তৈরি করতে আগ্রহী হচ্ছেন। মাড়াই মৌসুমে গুড় তৈরির যন্ত্র জব্দসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েও পরিস্থিতির উন্নতি হয়নি। অনেক কৃষক আখের পরিবর্তে সবজি ও অন্যান্য লাভজনক ফসল চাষে ঝুঁকছেন। ফলে চিনিকলের জন্য প্রয়োজনীয় আখের জোগান দিন দিন কমছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, রাজশাহী কৃষি অঞ্চলে ২০১৬-১৭ অর্থবছরে ৪০ হাজার ৮৬৭ হেক্টর জমিতে আখ চাষ হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪০ হেক্টরে। অর্থাৎ এক দশকে আখ চাষের জমি অর্ধেকেরও বেশি কমেছে। রাজশাহী চিনিকলের আওতাধীন এলাকাতেও আখ চাষের এই নিম্নমুখী প্রবণতা চিনির উৎপাদনে সরাসরি প্রভাব ফেলছে।

/এএস/
সম্পর্কিত
চিনির কৌটার পিঁপড়া তাড়ানোর সহজ উপায়
প্যাকেটজাত চিনি বাজার থেকে উধাও, খোলা চিনি ১২০ টাকা 
চিনির পরিবর্তে রান্নায় দিন ৯ উপকরণ, বাড়বে স্বাদ ও মিষ্টি
সর্বশেষ খবর
ফের লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি!
ফের লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি!
টিভিতে আজকের খেলা (১২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ নভেম্বর, ২০২৬)
আ.লীগের সাবেক সেই এমপিসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা
আ.লীগের সাবেক সেই এমপিসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা
‘মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনও রাজনীতি হতে পারে না’
‘মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনও রাজনীতি হতে পারে না’
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও