উদ্বোধনের আগেই রংপুর শিল্পকলা একাডেমির ভবনে ফাটল, চলছে মেরামত 

লিয়াকত আলী বাদল, রংপুর
১০ ফেব্রুয়ারি ২০২২, ২১:০০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ২১:২০

উদ্বোধনের আগেই ফাটল ধরা রংপুর শিল্পকলা একাডেমির নতুন ভবনের মেরামত কাজ চলছে। জোড়াতালি দিয়ে তড়িঘড়ি করে সংস্কার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে ভবনটি উদ্বোধনের চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফাটল ধরা ভবনের মেঝে ও টাইলস মেরামত করা হচ্ছে। দেয়ালের স্যাঁতসেঁতে অবস্থা দূর করতে আবারও রঙ করা হচ্ছে। এছাড়া ভবনের যেসব স্থানে সমস্যা দেখা দিয়েছে, সেগুলোও সংস্কার করা হচ্ছে।

উদ্বোধনের আগেই ৩০ কোটি টাকার ভবনে ফাটল

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে ভবনের টাইলস ও মেঝেতে ফাটল ধরেছে। দেয়াল স্যাঁতসেঁতে হয়ে গেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এমনটা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

 শনিবার রংপুর টাউন হলে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের রংপুর বিভাগীয় সম্মেলন উদ্বোধন করতে আসেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ অন্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান চলাকালে দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক আসিব আহসান ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবন পরিদর্শন করতে আসেন লিয়াকত আলী লাকী। তিনি ভেতরে ঢুকে দেখতে পান মেঝেতে লাগানো নিম্নমানের টাইলসে ফাটল ধরেছে। সেই সঙ্গে ভবনের বিভিন্ন স্থান স্যাঁতসেঁতে। নতুন ভবনের এ অবস্থা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করলেও সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি।

এরপর ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, শিল্পকলা একাডেমির এই ভবনটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন। অডিটরিয়ামে ৫০০ আসন রয়েছে। এছাড়া সর্বাধুনিক সাউন্ড সিস্টেমসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে। 

 সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত ভবনটি উদ্বোধন করবেন। এরপর এটি উন্মুক্ত করে দেওয়া হবে। 

কিন্তু উদ্বোধনের আগেই ভবনের টাইলস ও মেঝেতে ফাটল ধরেছে, অনেকেই অভিযোগ করেছেন নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে, এ বিষয়ে আপনার মতামত কী? উত্তরে তিনি বলেন, এ ব্যাপারে আপনারা (সাংবাদিকরা) নেগেটিভ কোনও রিপোর্ট করবেন না। বিষয়টি দায়িত্বশীল কর্মকর্তারা দেখবেন। 

এ নিয়ে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশ হলে তোলপাড় শুরু হয়। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে ভবন উদ্বোধনের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। এ অবস্থায় ভবনটি সংস্কারের নির্দেশ দেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে শিল্পকলা একাডেমির কোনও কর্মকর্তা কথা করতে রাজি হননি। জানতে চাইলে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুরে তাবাসসুম রিমি বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ভালো জানেন। 

দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে নবনির্মিত ভবনের কাজের ব্যাপারে জবাব চাওয়া হয়। সেই সঙ্গে সব কাজ রেকটিফাই করার আদেশ দেওয়া হয়। এমন আদেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে ভবনের ফাটল, মেঝে ও টাইলসসহ অন্যান্য কাজের সংস্কার শুরু হয়।

 বৃহস্পতিবার সকালে দেখা গেছে, ভবনের বিভিন্ন অংশ মেরামত করা হচ্ছে। যেখানে যেখানে সমস্যা সেগুলো সংস্কার করা হচ্ছে। তবে কিছু স্থানে ইতালিয়ান টাইলসের পরিবর্তে নিম্নমানের টাইলস দেওয়া হয়েছে। সেগুলো অপসারণ না করেই ফাটা টাইলসে জোড়াতালি দিয়ে কাজ করা হচ্ছে। 

নাম প্রকাশ না করার শর্তে দুজন মিস্ত্রি জানান, ভবনের  ভেতরে অনেক সমস্যা আছে। এসব সংস্কার করতে অনেক সময়ের প্রয়োজন। কিন্তু আমাদের বলা হয়েছে, যেখানে বড় ধরনের সমস্যা ও ফাটল আছে সেগুলো মেরামত করতে, ছোটখাটো সমস্যার বিষয়গুলো কর্মকর্তারা দেখবেন। 

রংপুর শিল্পকলার দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, ভবনটির থিয়েটারের সাউন্ড সিস্টেম সর্বাধুনিক, উন্নত প্রযুক্তি ব্যবহার ও উন্নতমানের জিনিস স্থাপনের কথা ছিল, এসবের কিছুই করা হয়নি। উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে পুরো ভবনের কাজ তদন্ত করলে দেখা যাবে, বড় ধরনের দুর্নীতি হয়েছে। এখানের অনেক কর্মকর্তাও জড়িত। এজন্য কেউ মুখ খুলছেন না।

এ ব্যাপারে শিল্পকলা একাডেমির জাতীয় কমিটির সদস্য নাট্যব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ বলেন, রংপুর শিল্পকলা একাডেমির ভবন নির্মাণে বড় ধরনের দুর্নীতি হয়েছে। বিষয়টি তদন্ত করে পুরো ভবনের কাজ দেখে তারপর যেন উদ্বোধন করা হয়। এই ভবন নির্মাণে অনিয়মের সঙ্গে অনেকেই জড়িত। এখানে পুকুর চুরি হয়েছে। উচ্চক্ষমতা সম্পন্ন কমিটির মাধ্যমে তদন্ত করলে ঘটনায় জড়িতদের নাম বেরিয়ে আসবে।

 

/এএম/টিটি/
সম্পর্কিত
শিল্পকলায় ‘ধারণ’: লোকশিল্পকে নতুনভাবে ভাবার আহ্বান
তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সাক্ষাৎ
শিল্পকলা একাডেমিতে চাকরির সুযোগ
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান