শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আট দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। তবে ছুটির আমেজ কাটিয়ে উঠতে আরও দু-এক দিন সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সনাতন হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা টানা আট দিন দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয়। এক পত্রের মাধ্যমে তারা বিষয়টি আমাদের জানিয়েছিল। এর ফলে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। শনিবার দুপুর থেকে আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে।’









