আগামী ২ আগস্ট রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে বিভাগের আট জেলায় সাজ সাজ রব। লাখ লাখ মানুষ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য রংপুর জিলা স্কুল মাঠে মহাসমাবেশে যোগ দিতে মুখিয়ে আছেন।
এই মহাসমাবেশে মানুষের যাওয়া-আসার জন্য আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে বিভাগ সূত্রে জানা গেছে, ট্রেনগুলো হলো- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বুড়িমারী, লালমনিরহাট, উলিপুর, কুড়িগ্রাম ও বোনারপাড়া স্পেশাল ট্রেন।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানিয়েছেন, রংপুর বিভাগের আট জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মহাসমাবেশে যোগদানের জন্য অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ভাড়া দেওয়া সাপেক্ষে ট্রেনগুলো ব্যবহার করবেন। ট্রেনগুলো সকাল সোয়া ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুরে পৌঁছাবে।
এ বিষয়ে রংপুর রেল স্টেশনের সুপার শংকর গাঙ্গুলী বলেন, প্রধানমন্ত্রীর রংপুরের মহাসমাবেশকে কেন্দ্র করে প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে সমাবেশে যোগ দিতে পারে সে জন্যই আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। স্টেশনের চারটি লাইনের বাইরে অতিরিক্ত ট্রেনগুলো মীরবাগ ও শ্যামপুর স্টেশনে রাখা হবে। সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বুধবার কুড়িগ্রাম এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি রয়েছে। অন্যান্য আন্তনগর ট্রেন সময়মতো চলাচল করবে।
দিনাজপুর রেল স্টেশনের সুপার এবিএম জিয়াউর রহমান জানান, প্রধানমন্ত্রীর রংপুর সফর উপলক্ষে দিনাজপুর থেকে একটিসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে একটি করে বিশেষ ট্রেন দিনাজপুরের ওপর দিয়ে রংপুরে যাবে। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনসভায় অংশগ্রহণকারীরা যাতে নিরাপদে কোনও ভোগান্তি ছাড়াই চলাচল করতে পারেন এর লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুর জনসমুদ্রে পরিণত হবে। আশা করছি মহাসমাবেশে ১০ লাখের বেশি মানুষ যোগ দেবেন।









