কুড়িগ্রামের চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলার মূল অভিযুক্ত যুবক রফিকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) সকালে কুড়িগ্রাম শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করবে পুলিশ।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন (শনিবার) সকালে তিনি নিজ এলাকার ডুবুরির ব্রিজের কাছে আরও কয়েকজনসহ জাল দিয়ে মাছ ধরছিলেন। সেসময় রাধাপদ সেখানে কাঁকড়া নিতে যান। তার মাছের বালতি থেকে কাঁকড়া নেওয়ায় তিনি কবিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে মাটিতে থাকা শামুকের ওপর পড়ে পিঠে আঘাত পান রাধাপদ।
রফিকুলের জিজ্ঞাসাবাদের বরাতে এসব তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল দাবি করেছেন, ওই দিন সকালে তার মাছ রাখা বালতি থেকে রাধাপদ কাঁকড়া নিচ্ছিলেন। এ সময় তিনি তাকে বলেন, ‘মোর বালতির কাঁকড়া নেইস ক্যা!’ এই বলেই কবিকে তিনি ধাক্কা দিয়ে ফেলে দেন। তখন সেখানে থাকা বেশকিছু শামুকের ওপর পড়ে গিয়ে আঘাত পান রাধাপদ। তবে তাকে বাঁশ দিয়ে আঘাত করার কথা অস্বীকার করেছেন রফিকুল।”
রাধাপদ রায়ের দাবি, রফিকুল তাকে আকস্মিক বাঁশ দিয়ে আঘাত করেন। এতে তার পিঠে ও ঘাড়ের কয়েকটি অংশ ফেটে যায়। এ ছাড়াও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় তিনি কোমরেও আঘাত পান। পূর্বশত্রুতার জেরে বড় ভাই কদুর রহমানের ইন্ধনে রফিকুল তাকে আঘাত করেন বলে দাবি করেছেন রাধাপদ।
রফিকুলের দাবির প্রসঙ্গে এই চারণ কবি বলেন, ‘এখন বাঁচার জন্য ও (রফিকুল) মিথ্যা বলছে। ওর কথা শুনে লাভ নাই। চোর ধরা পড়লে বলে, আমি কিছু করি নাই। এখন ধরা পড়ে তো অমন করে বলবেই।’
রাধাপদের দুই ছেলে মাধব রায় ও জুগল রায় বলেন, ‘বাবা বলেছেন, তিনি কাঁকড়া কুড়াচ্ছিলেন। এ সময় রফিকুল তাকে আচমকা বাঁশ দিয়ে মারতে থাকেন। পরে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি শামুকের ওপর পড়েন। ওখানে আরও লোকজন ছিল। তাদের জিজ্ঞাসা করলেও সত্য জানতে পারবেন।’
পুলিশ সুপার বলেন, ‘আমরা রফিকুলের দাবি যাচাই করছি। এ ব্যাপারে চিকিৎসকের সঙ্গেও কথা বলবো।’
এদিকে রফিকুল গ্রেফতার হলেও তার বড় ভাই কদুর রহমান এখনও পলাতক রয়েছেন। রফিকুলকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, রফিকুলকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।








