লালমনিরহাট সদর উপজেলায় ভুট্টাক্ষেত থেকে উদ্ধার মাথাবিহীন নারীর লাশের পরিচয় মিলেছে। ওই নারীর নাম হাসিনা বেগম (৪৫)। তিনি আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চর কুঠিরপাড় গ্রামের ভ্যানচালক আশরাফুল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
এর আগে বুধবার (০৫ মার্চ) দুপুরে উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাড়ালদা এলাকার ভুট্টাক্ষেত থেকে মাথাবিহীন লাশটি উদ্ধার করা হয়। ওই সময় তার মাথার খোঁজ পাওয়া যায়নি, এমনকি পরিচয়ও মেলেনি।
পুলিশ জানায়, ভুট্টাক্ষেত থেকে মাথাবিহীন লাশ উদ্ধারের পর ঘটনায় জড়িতদের সন্ধানে মাঠে নামে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে একটি বিশেষ টিম দূর্গাপুর ইউনিয়নের কুঠিরপাড় এলাকায় ভ্যানচালক আশরাফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে রক্তমাখা জ্যাকেট ও একটি বড় দা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ওই নারীর স্বামী আশরাফুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। তবে এখনও তার মাথার খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, আশরাফুল ইসলাম দুটি বিয়ে করেছেন। পার্শ্ববর্তী দীঘলটারী গ্রামের কাশেম আলীর মেয়ে হাসিনা বেগম তার দ্বিতীয় স্ত্রী। এই সংসারে তাদের তিন মেয়ে রয়েছে। হাসিনার একাধিক বিয়ে হয়েছে। মঙ্গলবার দুপুরে হাসিনা ও আশরাফুল বাড়ি থেকে বের হয়ে যান। পরে তারা আর ফিরে আসেননি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, ‘হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এখন পর্যন্ত বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে। নিহত নারীর পরিচয় মিলেছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। ধারণা করছি, স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছেন।’








