দিনাজপুরের হাকিমপুর পৌরসভার মাঠপাড়া এলাকার রাইসা আক্তার তারার প্রেমে পড়ে বাংলাদেশে ছুটে এসেছেন চীনা তরুণ পংফং (৩৭)। পছন্দের মানুষটিকে বিয়ে করতে ধর্মও পরিবর্তন করেছেন এই তরুণ। ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে প্রেমিকা রাইসা আক্তার তারার বাড়িতে আসেন পংফং। এর আগে ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন তিনি। গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন মোহাম্মদ আলী।
স্থানীয়রা জানান, পংফং পেশায় একজন গার্মেন্টস পণ্যের বায়ার। তার বাড়ি চীনের হুবেই প্রদেশে। বাবার নাম ফাংলে জুন এবং মায়ের নাম শিয়ান চিং।
রাইসা আক্তার হিলির মাঠপাড়া এলাকার রিয়াজুল হকের মেয়ে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন।
রাইসা আক্তার জানান, ঢাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে পংফংয়ের চাচার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে চীনে বিয়ে করে সেখানে যাওয়ার ইচ্ছার কথা তাকে জানান। পরে ওই ব্যক্তি তার ভাতিজা পংফংয়ের সঙ্গে রাইসার পরিচয় করিয়ে দেন। এরপর মোবাইল ফোনে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ‘আমি তাকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। আমাকে বিয়ে করার জন্য গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসে। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে। বর্তমানে তার নাম মোহাম্মদ আলী। এরপর সে আমাকে বিয়ে করেছে। এতে আমার পরিবার ও এলাকাবাসী সবাই খুশি।’
রাইসার নানা বাদল বলেন, ‘আমার নাতনি ঢাকায় থাকে। সেখানে তার সঙ্গে চীনা ওই যুবকের সঙ্গে পরিচয় হয়। তারা একে অপরকে পছন্দ করেছে। পরে চীনা যুবক বাংলাদেশে এসে আমার নাতনিকে বিয়ে করেছে। বৃহস্পতিবার রাতে তারা বাড়িতে এসেছে। এতে পরিবারের সবাই আনন্দিত।’