সীমান্ত পেরিয়ে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ঢুকে পড়া বাঘের আক্রমণে তিন জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বিকাল ৪টার সময় হাতিবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের বনচৌকি নামক সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। প্রশাসন, বন বিভাগ ও স্থানীয়দের ধারণা বাঘটি সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।
বিজিবি ১৫ ব্যাটলিয়নের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অন্তর্গত বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল নামক স্থানে ভারত থেকে আসা একটি বাঘ বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে। এরপর তিন জন মানুষকে আহত করে ফেলে। জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনাস্থলে বিজিবির টহল চলছে।
লারমনিরহাট জেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের লজিস্টিক সাপোর্ট ও লোকজন নাই। লজিস্টিক সাপোর্টের জন্য বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তারা আসবে। এখন পর্যন্ত বাঘটি কোথায় আছে আমরা জানি না। তবে আশপাশের ধানক্ষেতে থাকতে পারে। এটা আকারে মধ্যম শ্রেণির বাঘ হতে পারে।
হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরিফুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, আহত একজন সরাসরি রংপুরে চলে গেছে। দুই জনকে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। শরিফা বেগমের(৩০) মাথায় ডান পাশে বড় ধরনের কামড়ের পাশাপাশি হাতে আঁচড় রয়েছে। আফসার আলীর (৫৪) পেছনে কোমরের স্থানে ক্ষত রয়েছে।
হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপজন মিত্র বাংলা ট্রিবিউনকে বলেন, বন বিভাগের লজিস্টিক সাপোর্ট রওনা দিয়েছে। আশা করছি, রাতেই ট্রাংকুলাইজারের মাধ্যমে এবং বন্যপ্রাণী আইন মেনেই বাঘটিকে উদ্ধার করা হবে। যে কৃষি জমিতে বাঘটি আছে, সেটা বিজিবি ক্যাম্পের কাছে। বিজিবির আর ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয় করে বারবার মাইকিং করা হচ্ছে।