জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে গত বুধবার অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পর ক্রীড়া সাংবাদিকদের মারধরের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার তাদের প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনস সংযুক্ত করা হয় বলে আজ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) আকতার হোসেন।
এদিকে, এ ঘটনা তদন্তে শুক্রবার তিন সদেস্যের একটি কমিটিও গঠন করেছে পুলিশ সদরদপ্তর।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে বুধবার জাতীয় স্টেডিয়ামের নির্ধারিত মিক্সড জোনে পেশাগত দায়িত্ব পালনকালে একাত্তর টেলিভিশনের সাংবাদিক নাহিয়ান বিন জসীম, স্পোর্টস রিপোর্টার হাসান সজিবসহ কয়েকজন সাংবাদিক পুলিশের হামলায় আহত হন। এ ঘটনায় ক্রীড়া সাংবাদিকদের বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়ে দায়ি পুলিশ সদস্যদের শাস্তি দাবি করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, বাফুফে সভাপতি, সাফ সভাপতি ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার কাছে পৃথক চিঠি দেয়।
ডিএমপি মিডিয়া বিভাগের উপকমিশনার আকতার হোসেন বলেন, “বুধবারের ঘটনায় কনস্টেবল মো. জিসান এবং কনস্টেবল মো. রাব্বিকে ক্লোজ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এদিকে, বুধবারের ঘটনা তদন্তে পুলিশ সদরদপ্তর রাতে এক চিঠিতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা) মাহমুদুল কবীরকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠনের কথা জানায়।
কমিটির বাকি সদস্যরা হলেন- ডিএমপির উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা মতিঝিল) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও উপ-পুলিশ কমিশনার (সিকিউরিটি অ্যান্ড সার্ভিল্যান্স) তারিক আহমেদ-আস সাদিক।
কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে ডিএমপি কমিশনার বরাবর প্রতিবেদন দিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে খেলোয়াড়দের স্টেডিয়াম ত্যাগের আগে ভিআইপি গেটের বাইরে নিরাপত্তা ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে সাংবাদিকদের কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি ও পরে মারধরের ঘটনা ঘটে। ঘটনার পরপর সাংবাদিকরা তীব্র প্রতিক্রিয়া দেখান। সেখানে উপস্থিত পুলিশের মতিঝিল জোনের এডিসি রেজওয়ানুল ইসলামসহ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা ও শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের সুষ্ঠু ও সঠিক তদন্ত নিশ্চিত করতেই এই কমিটি গঠন করা হয়েছে।