শ্বশুরবাড়ির দাওয়াত, আর জামাইয়ের হাতে চাই বড় মাছ। কে কত বড় মাছ কিনলেন, কার মাছের ওজন কত—এ নিয়ে চলছে এক নীরব প্রতিযোগিতা। কেউ কিনছেন ১০ কেজি, কেউ ২০ কেজি, আবার কেউবা ২৫ কেজিরও বেশি। তবে এই প্রতিযোগিতা শুধু বড় মাছ কেনার নয়, এর সঙ্গে মিশে আছে শ্বশুরবাড়ির প্রতি ভালোবাসা, পারিবারিক বন্ধন আর নবান্নের চিরচেনা আনন্দ। এমনই এক ব্যতিক্রমী উৎসবে বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকে মুখর হয়ে ওঠে জয়পুরহাটের কালাই পৌরশহরের পাঁচশিরা বাজার।
অগ্রহায়ণের নতুন ধান ঘরে তোলার আনন্দকে ঘিরে প্রতিবছর বসে এই ঐতিহ্যবাহী মাছের মেলা, যা স্থানীয়দের কাছে ‘জামাই মেলা’ হিসেবে পরিচিত। বুধবার ভোর ৪টা থেকেই শুরু হয় মাছ কেনাবেচা। দূরদূরান্ত থেকে আসেন ক্রেতা-বিক্রেতারা। বাজারজুড়ে সাজানো হয় রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, পাঙাস, ব্রিগেডসহ নানা প্রজাতির বড় বড় মাছ। ৩ থেকে ২৫ কেজি ওজনের মাছের পাশাপাশি ছিল আরও বিশাল আকৃতির মাছ।
এবারের মেলায় সবচেয়ে বেশি নজর কাড়ে ৩৫ কেজি ওজনের একটি কাতলা মাছ। মাছটি বিক্রি হয় ২৭ হাজার টাকায়। এ ছাড়া ২৬ কেজি ওজনের একটি সিলভার কার্প বিক্রি হয়েছে ১৮ হাজার টাকায়। বড় মাছের দরদাম আর কেনার ধুমে সকাল থেকেই জমে ওঠে মেলা প্রাঙ্গণ।
মেলায় আসা জামাই হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতি বছর শ্বশুরবাড়ির নবান্নের দাওয়াত আমাদের কাছে উৎসবের মতো। এখানে বড় মাছ কেনা নিয়ে একটা আনন্দের প্রতিযোগিতা থাকে। এবার ২৫ কেজি ওজনের কাতলা কিনেছি।’
আরেক ক্রেতা কবির হোসেন ১৭ হাজার টাকায় কিনেছেন ১২ কেজি ওজনের মাছ। তার ভাষ্য, ‘মেয়ে-জামাই, নাতি-নাতনিদের জন্য একটু ভালো আয়োজন করতেই হয়। খরচ হলেও তাদের নিয়ে আনন্দ করার বিষয়টাই বড়।’
মাছ ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, ‘এবার মেলায় মাছের আমদানি ও বিক্রি দুটোই ভালো। দামও মোটামুটি স্বাভাবিক। গত বছরের তুলনায় বিক্রি বেশি হওয়ায় ব্যবসায়ীরাও লাভবান হয়েছেন। প্রতি বছরই এই মেলায় প্রচুর মাছের সমাগম হয়। এবারও ভোর থেকে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বেচাকেনা ভালো হয়েছে।’
কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘মেলায় বড় বড় মাছের উপস্থিতি মাছচাষিদেরও উৎসাহিত করছে। এবারের মেলায় এক থেকে সোয়া কোটি টাকার মাছ কেনাবেচা হয়েছে।’
মাছ কেনার এই প্রতিযোগিতার পেছনে রয়েছে বহুদিনের পারিবারিক ঐতিহ্য। নবান্ন উপলক্ষে মেয়ের বাড়ির জামাই ও আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়া হয়। বাড়িতে বাড়িতে চলে পিঠা-পায়েস, খই-মুড়ি আর নানা পদের খাবারের আয়োজন। নতুন ধানের ঘ্রাণে আর অতিথিদের হাসি-আড্ডায় মুখর হয়ে ওঠে প্রতিটি পরিবার।
আসলে পাঁচশিরার এই মাছের মেলায় বড় মাছ কেনা যেন ভালোবাসা প্রকাশেরই এক উপলক্ষ।
মাছের ওজন কিংবা দামের চেয়ে বড় হয়ে ওঠে আপনজনকে খুশি করার আনন্দ। সময় বদলেছে, বদলেছে মানুষের জীবনযাত্রা; কিন্তু নবান্নে জামাইদের মাছ কেনার এই প্রতিযোগিতা আজও ধরে রেখেছে বাংলার পারিবারিক সম্পর্ক ও লোকজ ঐতিহ্যের এক অনন্য গল্প।