রংপুরে ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাস দুটি পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরীর পর্যটনপাড়া এলাকায় একটি মিনিবাসে এবং বেলা ২টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের অদূরে একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
পরপর দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর রংপুর-ঢাকা ও রংপুর-দিনাজপুর মহাসড়কে বাস চলাচল কমে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর ৪টার দিকে নগরীর অভিজাত এলাকা পর্যটনপাড়ায় পর্যটন মোটেলের বিপরীতে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। বাসটি সড়কের পাশে দাঁড় করানো ছিল। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে বাসটির ভেতরে ও বাইরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটি পুড়ে যায়।
বাসটির মালিক ও লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক মাসুদ জানান, পরিকল্পিতভাবে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানাতে পারেননি।
প্রত্যক্ষদর্শী ও পাশের সিদ্দিকীয়া ইসলামী মিশন মাদ্রাসার শিক্ষার্থী মমিনুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে হঠাৎ শব্দ শুনে ঘুম থেকে উঠে মাদ্রাসার সামনে দাঁড়িয়ে থাকা মিনিবাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। বিষয়টি তিনি মাদ্রাসার শিক্ষককে জানান। পরে ওই শিক্ষক লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালককে ফোন করে ঘটনাটি জানান। এর মধ্যেই আগুনে বাসটি পুড়ে যায়।
অপরদিকে, বেলা ২টার দিকে নগরীর আর কে রোড থেকে প্রায় আধা কিলোমিটার দূরে কেন্দ্রীয় বাস টার্মিনালের অদূরে পাইকারি মাছের আড়তের কাছে একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা হৃদয় তাসিন পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে ভস্মীভূত হয়।
গ্যারেজের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, দুপুর ২টার দিকে হঠাৎ বাসটিতে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনা ঘটিয়েছেন।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ আলম বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তবে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেছেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা আছে। এটি তাদের কাজ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে অন্যান্য এলাকায় ঘটে যাওয়া ঘটনার ধারাবাহিকতায় ঘটনা ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অবশ্যই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’