‘রক্ত দেওয়ার পর চেতনা ফিরে পান জাফর ইকবাল’

তুহিনুল হক তুহিন, সিলেট
০৫ মার্চ ২০১৮, ০১:৫৪আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৯:০৪

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে জাফর ইকবাল (ছবি- ফোকাস বাংলা) হামলার পর ড. জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়ার সময় তার শরীরে রক্তের সংকট দেখা দেয়। ওই সময় তিনি সংজ্ঞাহীন ছিলেন। এ সময় রক্ত দেওয়া হলে তার চেতনা ফিরে আসে বলে জানিয়েছেন জাফর ইকবালের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান ডা. এন কে সিনহা।
শনিবার (৩ মার্চ) বিকাল ৫টা ৪০ মিনিটে ফয়জুর নামে এক তরুণ হামলা করে কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালকে। সঙ্গে সঙ্গে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার চিকিৎসায় চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য জাফর ইকবালকে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
রবিবার (৪ মার্চ) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা হয় জাফর ইকবালের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. এন কে সিনহার সঙ্গে। হামলার পর জাফর ইকবালকে কী চিকিৎসা দেওয়া হয়েছিল—জানতে চাইলে তিনি বলেন, ‘হামলার পর অতিরিক্ত রক্তক্ষরণের শিকার হয়েছিলেন জাফর ইকবাল। এ কারণে তার শরীরে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিই আমরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের মাধ্যমে প্রায় আট ব্যাগ রক্ত দেন। রক্ত সংগ্রহের পর তা জাফর ইকবালের শরীরে দেওয়া শুরু হয়। এর একপর্যায়ে চেতনা ফিরে পান তিনি।’
হামলার পর হাসপাতালে নেওয়া হচ্ছে জাফর ইকবালকে (ছবি- ফোকাস বাংলা) ডা. সিনহা জানান, ড. জাফর ইকবাল চেতনা ফিরে পেলে অস্ত্রোপচার শুরু করেন তারা। সব মিলিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে তার শরীরে অস্ত্রোপচার করা হয় বলে জানান তিনি।
জাফর ইকবালের শরীরে আঘাতের মাত্রা সম্পর্কে জানতে চাইলে ডা. সিনহা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, হামলাকারী জাফর ইকবালের মাথায় লোহাজাতীয় কিছু দিয়ে আঘাত করেছে। অপারেশন থিয়েটারে আমরা তার মাথায় চারটি আঘাতের চিহ্ন পেয়েছি। এছাড়া ধারালো অস্ত্রের আঘাত রয়েছে তার পিঠে ও বাম হাতে। তার শরীরে সব মিলিয়ে প্রায় ২৫টি সেলাই দেওয়া হয়।’
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর জাফর ইকবালকে শনিবার রাতেই ঢাকা নিয়ে আসা হয়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয় রাত ১১টা ৫৮ মিনিটে। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, জাফর ইকবালের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে সম্পূর্ণ সেরে উঠতে তাকে কয়েক দিন বিশ্রাম নিতে হবে।
এদিকে, জাফর ইকবালকে হামলাকারী ফয়জুরকে তাৎক্ষণিকভাবে আটক করে শিক্ষার্থীরা। গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব-৯। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, জাফর ইকবালকে ‘ইসলামের শত্রু’ মনে করায় সে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করেছে। ফয়জুরের সঙ্গে কোনও জঙ্গিবাদী গ্রুপের সম্পর্ক রয়েছে কিনা—সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন-
ফয়জুল জঙ্গিবাদে বিশ্বাসী: র‌্যাব

হামলাকারী ফয়জুলের মা-বাবা আটক






ফয়জুলকে পুলিশে হস্তান্তর, ওসমানীতে ভর্তি
হত্যার উদ্দেশ্যেই জাফর ইকবালকে হামলা: র‌্যাব
জাফর ইকবালের ওপর হামলা: ‘লোন উলফ’ না ‘টার্গেটেড’?
জাফর ইকবালকে আগেও অনুসরণ করেছিল হামলাকারী ফয়জুল
জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম