মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের নতুন বাজার এলাকায় মৌসুমি ফলের আড়ত থেকে থেকে একটি ‘লাল-ঘাড় ঢোঁড়া’ সাপ উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক এটি উদ্ধার করে নিয়ে আসেন।
বন্যপ্রাণী ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, একটি সাপ দেখে লোকজন আতংকিত হয়ে সেবা ফাউন্ডেশনে ফোন দেয়। পরে সেখানে গিয়ে এটিকে নিয়ে আসি। কলায় ছড়ির ভেতরে করে সাপটি প্রাকৃতিক বন থেকে এখানে আসতে পারে।
তিনি বলেন, এই সাপটির ইংরেজি নাম ‘রেড-নেক কিলবেক’। ‘লাল-ঘাড় ঢোঁড়া’ সাপ ছাড়াও বাংলায় একে ‘লাল-ঢোঁড়া’ সাপ বলে। এরা দিবাচর অর্থাৎ দিনের বেলা বিচরণ করে। উত্তেজিত হলে গোখরা সাপের মতো মাথা উঁচু করে ফনা তুলতে পারে। এরা বিষধর এবং তাদের কামড়ে তীব্র বিষ লক্ষ্য করা যায়।








