২৩ বছর পর কারাগারের চার দেয়াল পেরিয়ে মুক্ত পৃথিবীতে ফিরেছেন চা শ্রমিক মাইটু মুণ্ডা রাজু (৫০)। তবে দীর্ঘ বন্দিজীবন শেষে মুক্তি মিললেও তার জন্য অপেক্ষায় নেই কোনও স্বজন, নেই ফেরার মতো সংসার। সামনে কীভাবে চলবেন, কোথায় থাকবেন—তা নিয়েও অনিশ্চয়তা। এর মধ্যে ৫০ হাজার টাকা অর্থদণ্ড পরিশোধ করতে না পারায় তার মুক্তিও আটকে ছিল। শেষ পর্যন্ত এক বিএনপি নেতার আর্থিক সহায়তায় মুক্তি পেয়েছেন তিনি।
রাজু হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের চান্দমারি বস্তির বাসিন্দা। ২০০৩ সালে একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি হন তিনি। কারাবিধির ৫৬৯ ধারার বিধান অনুযায়ী রেয়াতসহ ২০ বছর সাজা ভোগের পর সম্প্রতি মানবিক বিবেচনায় তার সাজা মওকুফের অনুমোদন দেওয়া হয়। তবে মামলার রায়ে থাকা ৫০ হাজার টাকা অর্থদণ্ড পরিশোধ করতে না পারায় মুক্তি পাচ্ছিলেন না। পরিবারের কেউ না থাকায় ওই অর্থ জোগাড়েরও কোনও উপায় ছিল না তার।
গতকাল রবিবার (৮ নভেম্বর) সিলেট জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরেন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা তৈমুর হোসেন চৌধুরী। সভার সদস্য ও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন তাৎক্ষণিকভাবে রাজুর অর্থদণ্ডের ৫০ হাজার টাকা পরিশোধের দায়িত্ব নেন। পরে অর্থদণ্ডের টাকা জমা হলে সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান রাজু।
কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, কারাবিধির ৫৬৯ ধারার বিধান অনুযায়ী রেয়াতসহ ২০ বছরের সাজা ভোগ করায় মানবিক বিবেচনায় রাজুর মুক্তির প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। কারাগারে তার আচরণে সন্তুষ্ট হয়ে মুক্তির অনুমোদন দেওয়া হয়। তবে অর্থদণ্ড পরিশোধ না হওয়ায় মুক্তি আটকে ছিল। রাজু কারাগারে বন্দিদের খাবার রান্নার কাজ করতেন। তার আচরণ ভালো ছিল, পাশাপাশি তিনি ছিলেন পরিশ্রমী।
মুক্তির পর রাজু বলেন, ‘কথা কাটাকাটি থেকে ঝামেলা, সেখান থেকে মার্ডার হয়। এই ভুলের মাশুল তো জেল খেটে দিয়েছি। পাপ মুছেছে। এখন সামনের দিনটা ভালো করে কাটাতে চাই।’
অবিবাহিত রাজুর পরিবারের কেউ বেঁচে নেই। কারাগারে বাবুর্চির কাজ করেই কেটেছে তার দীর্ঘ বন্দিজীবন। মুক্তির পর বাইরে কী করবেন, কোথায় থাকবেন—জানতে চাইলে রাজু বলেন, ‘২৩ বছর জেলে কাটিয়েছি। বাইরে সঙ্গীসাথি কেউ তো আর নাই। জেলে যে কাজ (বাবুর্চি) করছি, সেইটাই করার চেষ্টা করমু।’
জেলা সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা তৈমুর হোসেন চৌধুরী জানান, রাজুর কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করবেন তারা। বাবুর্চির কাজে আগ্রহী হলে তাকে কোনও হোটেলে কাজের ব্যবস্থা করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
রাজুর অর্থদণ্ডের টাকা পরিশোধকারী মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘আইনশৃঙ্খলা সমন্বয় সভায় অর্থদণ্ডের টাকা পরিশোধ করতে না পারার বিষয়টি জানতে পেরে তার মুক্তির ব্যবস্থা করেছি।’