শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাকাডেমিক ফ্রিডম চায় শিক্ষক নেটওয়ার্ক

এশিয়া প্যাসিফিকের দুই শিক্ষককে পুনর্বহালের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জানুয়ারি ২০২৬, ১৮:০১ আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৮:০৩

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) চাকরিচ্যুত দুই শিক্ষককে পুনর্বহালের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একইসঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘অ্যাকাডেমিক ফ্রিডম’ নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে মোট চারটি দাবি তুলে ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

এর আগে আন্দোলনের মুখে গত রবিবার ইউএপির দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। ‘সাধারণ শিক্ষার্থী ও অ্যালামনাই’ ব্যানারে হওয়া আন্দোলন থেকে ওই দুই শিক্ষকের একজনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয় এবং অপরজনকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দেওয়া হয়।

চাকরিচ্যুত দুই শিক্ষক হলেন—বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক এ এস এম মোহসিন এবং একই বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীর।

এ ঘটনায় নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এতে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানভীর সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজলী শেহরীন ইসলাম, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা শিলসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে অ্যাকাডেমিক ফ্রিডমের সংকট বরাবরই অত্যন্ত প্রকট। শাসকরা বিদ্যায়তনিক স্বাধীনতার গলা চেপে ধরে বলপ্রয়োগের মাধ্যমে সবাইকে একই সুরে কথা বলতে বাধ্য করতে চায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বহু সংকট কাটানোর প্রত্যাশা করা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বাকস্বাধীনতা রক্ষা। কিন্তু অভ্যুত্থানোত্তর বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধ ও বিশ্ববিদ্যালয়ের মৌলিক ধারণাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। তারা ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ভিন্নমত দমনের পাশাপাশি আগ্রাসী পথে ক্ষমতায়িত হতে উদগ্রীব এবং এ কাজে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে ব্যবহার করছে।

অধ্যাপক সামিনা লুৎফা বলেন, “বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেবল স্বাধীন মতপ্রকাশ বা ভিন্নমত পোষণের কারণে অনেক শিক্ষককে হেনস্থা ও হয়রানি করা হচ্ছে। প্রায় সব ক্ষেত্রেই ধর্মানুভূতিকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই প্রবণতার সর্বশেষ শিকার রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বেসিক সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীর এবং ছাত্রকল্যাণ অধিদফতরের প্রাক্তন পরিচালক ও একই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. এ এস এম মোহসিন (সায়েম মোহসিন)।”

তিনি আরও বলেন, “কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান ডিসিপ্লিনে সমাজের প্রথাগত বহু বিশ্বাস ও ধারণা নিয়ে অ্যাকাডেমিকভাবেই সমালোচনামূলক প্রশ্ন উত্থাপিত হয়। শিক্ষকরা সেভাবেই পাঠদান ও জ্ঞানচর্চা করেন। কিন্তু কেবল চিন্তা ও আদর্শের পার্থক্যের কারণে সুপরিকল্পিতভাবে নানা অজুহাতে শিক্ষকের বিদ্যায়তনিক স্বাধীনতা খর্ব করে দঙ্গলবাজির মাধ্যমে চাকরিচ্যুত করার দাবি তোলা হয়। সেই দাবির মুখে নতজানু হয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের প্রশাসন তড়িঘড়ি তাদের চাকরিচ্যুত করে নিন্দনীয় নজির স্থাপন করেছে।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও বলা হয়, বাকস্বাধীনতার দাবিতে জুলাইয়ে লায়েকা ও মোহসিন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে রাস্তায় নেমেছিলেন। সেই বাকস্বাধীনতাকেই খর্ব করে শিক্ষার্থীদের একটি উগ্র অংশ লায়েকার বিরুদ্ধে অনলাইন সহিংসতা শুরু করে। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ আনা হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সংবাদ সম্মেলন

বক্তব্যে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পুরো প্রক্রিয়াই বেআইনি। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত আসা অভিযোগ তদন্ত কমিটি লায়েকা বশীরকে পাঠায় ১৫ জানুয়ারি। অভিযোগগুলোর মধ্যে ছিল—ক্লাসে ও পরীক্ষার হলে নিকাব ও মাস্ক খুলতে বলা, খারাপ ব্যবহার, নামাজের কারণে দেরিতে আসায় বিরক্ত হওয়া, ক্লাসে ইসলামে নারীর সম্পত্তির অধিকার সমান নয় বলা, কোরবানি নিয়ে ‘বাজে মন্তব্য’ করা (মন্তব্যটি কী, তা উল্লেখ নেই), ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয় আলোচনা এবং ফেমিনিজম প্রচার। এছাড়া ‘তিনি নাস্তিক’—এমন মন্তব্যও আসে দুটি উত্তরে। সমাজবিদ্যার দৃষ্টিতে এগুলোর কোনওটিই প্রমাণ বা অপ্রমাণ করা প্রায় অসম্ভব, কারণ সবই ব্যক্তিগত বয়ান বা মিসরিপ্রেজেন্টেশন। তদন্ত কমিটির চিঠিতে লিখিত জবাব দেওয়ার সময়সীমা ছিল ২২ জানুয়ারি পর্যন্ত। অথচ এসব প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে চাকরিচ্যুত করে।

বক্তব্যে আরও বলা হয়, ড. সায়েম মোহসিনের ক্ষেত্রেও কোনও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তদন্ত কমিটি গঠন ছাড়াই তাকে চাকরিচ্যুত করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, লায়েকা বশীর গত ১৭ বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করছেন। জুলাই আন্দোলনে সম্মুখভাগে ভূমিকা পালনসহ বিভিন্ন সময়ে শিক্ষকতার নৈতিক অবস্থান থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

ড. সায়েম মোহসিন দীর্ঘদিন ছাত্রকল্যাণ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একজন জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিত। কোনও তদন্ত বা যথাযথ কারণ ছাড়াই তাকে ‘আওয়ামী লীগের সমর্থক’ আখ্যা দিয়ে চাকরিচ্যুত করাকে হাস্যকর ও নিন্দনীয় বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

শিক্ষক নেটওয়ার্কের দাবি

১) অনতিবিলম্বে লায়েকা বশীর ও ড. সায়েম মোহসিনকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং এই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া ইউএপির শিক্ষক ও শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে।

২) যথাযথ প্রক্রিয়া ও আইনের শাসন নিশ্চিত করতে হবে এবং এ ধরনের শিক্ষাবিরোধী অপতৎপরতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা নিতে হবে।

৩) কথায় কথায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতির হুমকি বন্ধ করে নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে তাদের কর্মজীবনের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৪) বিদ্যায়তনিক শৃঙ্খলা ও স্বাধীনতার চেতনা রক্ষা করে বিশ্ববিদ্যালয়ের মৌলিক ধারণা সমুন্নত রাখতে হবে

/এসএমএ/এম/
সম্পর্কিত
বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩২ শিক্ষার্থী নিহত
শিক্ষককে পেটানো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আটক
সর্বশেষ খবর
অর্ধশতাধিক সুস্থ ব্যক্তির নামে প্রতিবন্ধী ভাতা, ইউপি সদস্য আটক
অর্ধশতাধিক সুস্থ ব্যক্তির নামে প্রতিবন্ধী ভাতা, ইউপি সদস্য আটক
টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর, ২০২৬)
ঘরের মেঝের নিচে মাদকের গোডাউন, গ্রেফতার ২
ঘরের মেঝের নিচে মাদকের গোডাউন, গ্রেফতার ২
অ্যাপে বিনিয়োগের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৩
অ্যাপে বিনিয়োগের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৩
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি