বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানোন্নয়নে ‘হিট প্রকল্প’, তৈরি হচ্ছেন ‘মাস্টার ও ন্যাশনাল ট্রেইনার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৬, ২১:১৬আপডেট : ০৩ জুলাই ২০২৬, ২১:১৬

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের পেশাগত উন্নয়নে ১৫ জন মাস্টার ট্রেইনার তৈরির প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এই মাস্টার ট্রেইনারদের মাধ্যমে সারা দেশে ন্যাশনাল ট্রেইনার তৈরি করা হবে, যারা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়নে কাজ করবেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর অধীনে ১০ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ (ট্রেনিং অব ট্রেইনার্স-টিওটি) কর্মসূচি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রশিক্ষণ শেষ হওয়ার পর শুক্রবার (৩ জুলাই) সকালে ব্রিটিশ কাউন্সিল বাংলা ট্রিবিউনকে জানায়, এই প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য একটি টেকসই ও সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা এবং অ্যাকাডেমিক নেতৃত্বকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রকল্পটির উদ্দেশ্য দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, এ খাতে সুশাসন নিশ্চিত করা, শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী করা এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো। হিট প্রকল্পের কারিগরি অংশীদার হিসেবে ব্রিটিশ কাউন্সিল ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর পাঠ্যক্রম তৈরি, প্রশিক্ষণ উপকরণ প্রস্তুত, কর্মসূচি বাস্তবায়ন এবং মাস্টার ট্রেইনার ও ন্যাশনাল ট্রেইনারদের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে।

ব্রিটিশ কাউন্সিল জানায়, সুশাসন, মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিকীকরণ, পাঠ্যক্রমে নেতৃত্ব ও শিক্ষার্থী সহায়তা, শিক্ষাদানে উৎকর্ষ ও মূল্যায়ন সংস্কার, গবেষণায় নেতৃত্ব এবং শিল্প-শিক্ষা খাতের মধ্যে অংশীদারত্ব—এই ছয়টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

গত ২১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত কক্সবাজারে অনুষ্ঠিত এই আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন বরেণ্য ও অভিজ্ঞ শিক্ষাবিদ অংশ নেন। তাদের মধ্যে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক উপাচার্য, ডিন, কোষাধ্যক্ষ, বিভাগীয় প্রধান এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালকরা। শিক্ষা খাতের নেতৃত্বস্থানীয় এসব ব্যক্তি নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের পরিচালিত সেশন, কেস স্টাডি, দলীয় আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ে অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

সম্মানিত অতিথিদের মধ্যে আরও ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান এবং অ্যাডভান্স এইচই (যুক্তরাজ্য)-এর পরামর্শক ড. বেন ব্রাবন। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় পরামর্শক দলের সদস্য, ব্রিটিশ কাউন্সিল ও হিট প্রকল্পের প্রতিনিধিরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় ১৫ জন মাস্টার ট্রেইনারকে সনদ দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণ পরিচালনায় অবদান রাখায় দেশি ও আন্তর্জাতিক ফ্যাসিলিটেটরদেরও সম্মাননা সনদ দেওয়া হয়।

ব্রিটিশ কাউন্সিল জানায়, এই প্রশিক্ষণের মাধ্যমে হিট প্রকল্পের অধীনে প্রথম ব্যাচের ১৫ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে। ভবিষ্যতে তারা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবেন। তাদের মাধ্যমে আরও ন্যাশনাল ট্রেইনার তৈরি করা হবে। এতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের পেশাগত উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত হবে।

হিট প্রকল্পের অংশীদার হিসেবে ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর পরবর্তী ধাপেও নিজেদের সহযোগিতা অব্যাহত রাখবে ব্রিটিশ কাউন্সিল।

মাস্টার ট্রেইনারদের সনদ প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, নিজস্ব সক্ষমতার ভিত্তিতে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য টেকসই পেশাগত উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে ইউজিসি। এ লক্ষ্যে প্রথম ধাপে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন জ্যেষ্ঠ শিক্ষককে ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে তারা আরও প্রশিক্ষক তৈরি করবেন এবং পর্যায়ক্রমে দেশের হাজারও বিশ্ববিদ্যালয় শিক্ষকের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবেন।

তিনি বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে দক্ষ ও দূরদর্শী অ্যাকাডেমিক নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই। এই কর্মসূচি শুধু একটি প্রশিক্ষণে শেষ নয়; বরং দেশের উচ্চশিক্ষায় অ্যাকাডেমিক নেতৃত্ব বিকাশের নতুন যাত্রার সূচনা। আজ যারা মাস্টার ট্রেইনার হিসেবে সনদ পেয়েছেন, তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে পেশাগত উন্নয়ন, মানসম্মত পাঠদান, গবেষণা নেতৃত্ব, সুশাসন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

/ইউএস/
সম্পর্কিত
পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’ 
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বরাদ্দের বিষয়ে ইউজিসির ব্যাখ্যা
বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’ 
পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’ 
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
ব্যবসার কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ: ট্রাস্ট গোল্ডের মালিক গ্রেফতার
ব্যবসার কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ: ট্রাস্ট গোল্ডের মালিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার