চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও নিয়মাবলি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হয়ে চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
সোমবার (২৪ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা থেকে ১ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে প্রতিষ্ঠানগুলোকে।
প্রসঙ্গত, এর আগে ঢাকা শিক্ষা বোর্ড জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছিল। সূচি অনুযায়ী ৮ ডিসেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
পরীক্ষার ফি
জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য প্রতি পরীক্ষার্থীর ফি নির্ধারণ করা হয়েছে ৪শ টাকা। এ ছাড়া কেন্দ্র ফি বাবদ আরও ২শ টাকা দিতে হবে অর্থাৎ একজন পরীক্ষার্থীকে মোট ৬শ টাকা ফি দিতে হবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর।
সোনালী ব্যাংকের যেকোনও শাখার মাধ্যমে পে-স্লিপ প্রিন্ট করে এই টাকা জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ‘ফাইনাল সাবমিট’ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রিন্ট করার অপশন সচল হবে।
২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা মোট পাঁচটি বিষয়ে অনুষ্ঠিত হবে। বিষয়গুলো, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে পরীক্ষা দেওয়া যাবে। তবে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী থাকলে তাদের তালিকা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে হাতে হাতে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে জমা দিতে হবে। অন্যথায় তারা ইংরেজি ভার্সনে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না।
এছাড়া প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে ফরম পূরণ করতে হবে। ‘ফাইনাল সাবমিট’ সম্পন্ন না হলে কোনও অবস্থাতেই পরীক্ষার্থীর প্রবেশপত্র ইস্যু করা হবে না।

বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি







