অনেকদিন ধরেই আওয়াজ ভাসছিল, অ্যাটলির ছবিতে দেখা যাবে কিং খান শাহরুখকে। সম্প্রতি নাম চূড়ান্ত হয়েছে, ‘জওয়ান’। আর গতকাল (৩ জুন) এসেছে এর টিজার।
তা দেখে মুগ্ধ নেটিজেন। কথা বলছেন বলিউড তারকারাও। এবার মুখ খুললেন সালমান খান।
নিজের সোশ্যাল মিডিয়ায় এই অ্যাকশন ছবির টিজার শেয়ার করে লিখলেন ‘আমার জওয়ান ভাই তৈরি’। ট্যাগ করলেন কিং খানকে।
শাহরুখ-সালমানের বন্ধুত্ব সবার কাছেই প্রশংসিত। বিশেষ করে শাহরুখপুত্র আরিয়ান খান গ্রেফতার হওয়ায় একেবারে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন সালমান। আইনি লড়াইসহ নানাভাবে সমর্থন দিয়েছেন এই তরকা।
পরিচালক অ্যাটলি ওরফে অরুণ কুমার এই প্রথম শাহরুখ খানের সঙ্গে কাজ করছেন। সালমানের পোস্টে কমেন্ট করে তিনি লেখেন, ‘ধন্যবাদ স্যার’।
এদিকে, রোমান্স কিং শাহরুখের এমন অ্যাকশন লুক ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এর আগেও মারকুটে ছবিতে এসেছেন, তবে এমনভাবে নয়।
কারণ টিজারের দেখা যায়, কোনও একটা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন আহত শাহরুখ। এক চোখ ফাঁকা রেখে মুখের পুরোটাই ঢেকে ফেলেছেন ব্যান্ডেজে। হাতে মুখে রক্তের ছিটে। বড় নলের বন্দুক এমনভাবে হাতে ঘোরাচ্ছেন যেন খুন-খারাপি তার নিত্যকর্ম। আর সঙ্গে বাজছে দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোর।
ছবিটি প্রযোজনায় আছে গৌরি খানের ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’। মুক্তি পাবে ঠিক এক বছর পর, ২ জুন ২০২৩ সালে। শুধু হিন্দি নয়, ছবিটি মুক্তি পাবে তামিল, তেলেগু, মালয়লাম ও কন্নড় ভাষাতেও।
সূত্র: এবিপি লাইভ








